ভেনেজুয়েলা থেকে সিএনএনকে বহিষ্কারের হুমকি
মার্কিন সংবাদ নেটওয়ার্ক সিএনএনকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সিএনএন সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের খবর সঠিকভাবে প্রচার করেনি বলে অভিযোগ তুলে তিনি এ হুমকি দেন। টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো অভিযোগ করেন, বিদেশি সংবাদমাধ্যম বিক্ষোভের খবরকে ‘যুদ্ধের প্রচারণার’ মতো করে প্রচার করেছে। তিনি বলেন, ‘যুদ্ধের প্রচারণা যথেষ্ট হয়েছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের প্রচারণা আমি চাই না। তারা যদি নিজেদের না শোধরায়, তাহলে ভেনেজুয়েলা থেকে বেরিয়ে যাবে, সিএনএন বেরিয়ে যাবে।’
মাদুরোর এই মন্তব্যের বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে সিএনএনের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে ওই মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভেনেজুয়েলা সরকারের নির্দেশে গত সপ্তাহে দেশটির কেব্ল অপারেটররা দেশটিতে কলম্বিয়ার সংবাদভিত্তিক চ্যানেল এনটিএন২৪-এর সম্প্রচার বন্ধ করে দেয়। বিবিসি।