ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ক্যাপ্রিলেস
ভেনেজুয়েলার সর্বশেষ নির্বাচনে বিপ্লবী হুগো চাভেজের কাছে পরাজিত বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। গত রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।চাভেজের উত্তরসূরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেবেন না বলে চ্যালেঞ্জ জানিয়েছেন ক্যাপ্রিলেস।দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৫ মার্চ মারা যান চাভেজ। এরপর দেশটির নির্বাচনী পরিষদ শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে।সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাদুরোর উদ্দেশে ক্যাপ্রিলেস (৪০) বলেন, ‘আমি লড়াই করব। নিকোলা, আমি তোমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দিচ্ছি না, ভোটে আমাকে হারাতে হবে।’দেশের সমৃদ্ধিতে চাভেজের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর দেহ মমি করে রাখার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। সরকারের এই সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে এবং মাদুরোকে আক্রমণ করে ক্যাপ্রিলেস বলেন, ‘রাজনৈতিক প্রচারণায় আপনি প্রেসিডেন্টের দেহ ব্যবহার করছেন।’ক্যাপ্রিলেসের সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মাথায় টেলিভিশনে ভাষণ দেন মাদুরো। তিনি অভিযোগ করে বলেন, ক্যাপ্রিলেসের কথায় ঘৃণা প্রকাশ পাচ্ছে। ক্যাপ্রিলেসকে ‘ফ্যাসিস্ট’ বলেও অভিহিত করেন তিনি। ক্যাপ্রিলেস ১৯৭২ সালে ১১ জুলাই জন্মগ্রহণকরেন। ২০০৮ সালে তিনি বর্তমান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার দিওসদাদো কাবেলোর বিরুদ্ধে জয়ীহয়ে মিরান্দা রাজ্যের গভর্নর হন। একসময়ের বাসচালক ও পরবর্তীকালে শ্রমিক নেতা ৫০ বছর বয়সী মাদুরো আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পাবেন বলে সাম্প্রতিক দুটি জরিপে আভাস পাওয়া গেছে। তবে গত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গত অক্টোবরের নির্বাচনে চাভেজ ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। আর পশ্চিমাপন্থী ক্যাপ্রিলেস পান ৪৪ শতাংশ ভোট। বিবিসি।