ভেনেজুয়েলার সঙ্গে এখন সম্পর্কোন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুতে শোকাহত গোটা লাতিন আমেরিকা। তবে চাভেজ-পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।চাভেজের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার সরকারের সঙ্গে ‘গঠনমূলক’ সম্পর্ক তৈরির চেষ্টা করবে ওয়াশিংটন।যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক কার্ল মিয়াচ্যাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের কঠিন সময় আমরা পেছনে ফেলে এসেছি, এটা ভাবার সময় এখনো আসেনি। এ ধরনের সম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকতে পারে।’ কার্লমিয়াচ্যাম বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে থেকেই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে। তবে আমি মনে করি না, চাভেজের গোষ্ঠীর লোকেরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখাবে।’প্রেসিডেন্ট ওবামা তাঁর বিবৃতিতে বলেন, ‘ভেনেজুয়েলা নতুন অধ্যায় শুরু করেছে। কাজেই গণতান্ত্রিক মতাদর্শ, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের নীতির ওপর অবিচল থাকবে ওয়াশিংটন।’২০১০ সালে কূটনৈতিক টানাপোড়েন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা রাষ্ট্রদূত ছাড়াই পরস্পরের দেশে দূতাবাসের কার্যক্রম চালাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। এএফপি।