ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক বিপ্লবের প্রতীক চাভেজ...
টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক আন্দোলনের চেতনাকেই সমুন্নত রাখলেন হুগো চাভেজ। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী হেনরিকে ক্যাপরিলেসকে ১০ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। এতে আগামী ছয় বছরের জন্য আবারও প্রেসিডেন্টের পদটি নিশ্চিত করেছেন চাভেজ। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল বিস্ময়কর। ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।অনেকে ধারণা করেছিলেন, অপেক্ষাকৃত তরুণ ও উদ্যমী প্রার্থী ক্যাপরিলেস এবং প্রবীণ ও শারীরিকভাবে ভগ্নপ্রায় চাভেজের মধ্যে এই নির্বাচন হবে গত এক দশকের মধ্যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত চাভেজের সমাজতান্ত্রিক ধারার শাসনকেই আবারও বেছে নিয়েছে দেশবাসী। দীর্ঘ ১৩ বছর ক্ষমতায় থাকার পরও নিজের প্রতি বিপুল সমর্থনের যে প্রমাণ তিনি দেখিয়েছেন, তা দেশের বাইরে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য সত্যিকার অর্থেই বিরল। এতে করে তিনি দেশটিতে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রবাদ পুরুষে পরিণত হয়েছেন।চাভেজের বাম ধারার রাজনীতির প্রভাব এখন অনেক ভেনেজুয়েলাবাসীর অন্তরেই স্থান করে নিয়েছে। জনগণ নিজেদের জীবনের চেয়েও নেতা চাভেজের জীবনকে অনেক বেশি মূল্যবান মনে করেন। তাঁদের একজনের কথায়, ‘প্রেসিডেন্টকে (চাভেজ) রক্ষায় আমি জীবন দিতে কার্পণ্য করব না। তিনিই একমাত্র ব্যক্তি, যে ভেনেজুয়েলার জনগণের জন্য এমন কিছু নেই যা করেননি।’চাভেজের প্রতি তাঁর সমর্থকদের এই নিখাদ ভালোবাসার কারণ খুঁজে দেখেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভেনেজুয়েলায় ‘বলিভারিয়ান রেভল্যুশন’র জনক চাভেজ ১৯৯৯ সালে প্রথমবারের মতো শাসনভার গ্রহণের পর দেশের সব মানুষই কমবেশি উপকৃত হয়েছে। তাঁর বাম ধাঁচের সরকার দরিদ্র জনগণের কল্যাণে কাজ করেছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের বিস্তৃতি ঘটিয়েছে। উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে এনেছে দারিদ্র্য। রচনা করেছে বিশ্বের অন্যতম সেরা ও প্রগতিশীল ধারার সংবিধান। বিশেষজ্ঞদের আরও মত, তেলসম্পদের সদ্ব্যবহার করে দেশের অর্থনীতির ভিতও মজবুত করেছে চাভেজ সরকার। যদিও দেশের নিরাপত্তার প্রশ্ন ও সহিংস অপরাধ দমনের ক্ষেত্রে এ সরকারের ব্যর্থতা রয়েছে। তার পরও অনেক কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করে চাভেজ সে দুর্বলতা কাটাতে সক্ষম হন।তবে চাভেজকে নিয়ে বিরূপ সমালোচনাও রয়েছে। চাভেজকে একজন স্বৈরশাসক হিসেবেও চিত্রিত করতে দ্বিধা করেন না অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, প্রকৃতপক্ষে ভেনেজুয়েলাবাসীর কাছে চাভেজের বিকল্প এমন কেউ নেই, যে দেশের চরিত্রকে তাঁর চেয়ে বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। চাভেজ হলেন সেই ব্যক্তি, যিনি একই সঙ্গে দেশপ্রেমিক, একজন মিশুক, কথাপ্রিয়, অতি জাতীয়তাবাদী, প্রচণ্ড প্রতিবাদী, কখনো কখনো বিরক্তিকর, রহস্যময় ও বহুরূপীও।সমালোচকেরা তাঁর এসব বৈশিষ্ট্য সস্তা জনপ্রিয়তার কৌশল বলে প্রচার করলেও চাভেজ দেশের জন্য এমন কাজ করে দেখিয়েছেন, যা ইতিপূর্বে ভেনেজুয়েলার অন্য কোনো নেতা পারেননি। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে অমুখাপেক্ষী, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের এক জ্বলন্ত প্রতীক হিসেবে ভেনেজুয়েলাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি। দ্য গার্ডিয়ান ও এএফপি।