ভেনেজুয়েলার সেই কারাগার পুলিশের নিয়ন্ত্রণে
ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লারা প্রদেশের ইউরিবানা এলাকায় কারাগারের পরিস্থিতি এখন শান্ত। পুলিশ গতকাল রোববার কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। গত শুক্রবার কারাবন্দী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সহিংসতা অন্তত ৬১ জন নিহত হয়।ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, কারাগারে সহিংসতার ঘটনা বেদনাদায়ক। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।কারামন্ত্রী আইরিস ভ্যারেলা বলেন, সহিংসতার পর কারাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকা সরকারি নিয়ন্ত্রণের বাইরে ছিল। নিরাপত্তাবাহিনী ওই কারাগারের ভেতর থেকে দাঙ্গাবাজদের সরিয়ে আনার চেষ্টা করছে। ওই কারাগারে বন্দী কয়েদি ও সহিংসতার সঙ্গে জড়িতদের অন্যান্য কারাগারে পাঠানো হচ্ছে। বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস বলেন, কারাগারে হত্যাযজ্ঞের ঘটনায় এবার কাদের দায়ী করা হবে? এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারের সামর্থ্য ও দায়িত্বশীলতার ঘাটতি রয়েছে।একটি বেসরকারি সংস্থার প্রধান উমবার্তো প্রাদো বলেন, সরকার ওই কারাগারে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এএফপি ও বিবিসি।