ভেনেজুয়েলার স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত সোমবার স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদ্যাপন করেছে ভেনেজুয়েলা। দিবসটি উপলক্ষে রাজধানী কারাকাসে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। আকাশে চক্কর দেয় বিমান। যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক, সে দেশের প্রেসিডেন্ট হুগো শাভেজ তাঁর দক্ষিণ আমেরিকার মিত্রদেশগুলোর নেতাদের সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপভোগ করেন। কুচকাওয়াজে ভেনেজুয়েলা ছাড়াও আলজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, চীন, কিউবা, লিবিয়া ও নিকারাগুয়ার সেনারা অংশ নেয়। এ সময় কারাকাসের আকাশে চীনের কে-৮ ও রাশিয়ার সুখোই-৩০ যুদ্ধবিমান মহড়া দেয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করার সময় শাভেজকে সামরিক পোশাকে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পাশে দেখা যায়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর্জেন্টিনা, নিকারাগুয়া ও ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট যোগ দেন। তবে ভেনেজুয়েলার বিরোধী দলের কোনো নেতাকে এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়নি। শাভেজ তাঁর দেওয়া ভাষণে বলেন, ‘ঔপনিবেশিক শক্তির নাগপাশ থেকে আজ আমাদের সত্যিকারের স্বাধীনতার ২০০ বছর পূর্তি উদ্যাপন করা হলো। ভেনেজুয়েলা আর কখনো কোনো দেশের উপনিবেশ হবে না।’পরে দক্ষিণ আমেরিকার বামপন্থী নেতারা সোমবার রাতে কারাকাসে বৈঠক করেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া স্বাধীনতা অনুষ্ঠানে যোগ দেননি। তবে তিনি রাতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। বৈঠকে শাভেজ হুঁশিয়ার করে দিয়ে বলেন, কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জুয়ান মেনুয়েল সান্তোস জয়লাভ করলে তা প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে দেখা দেবে। শাভেজ বলেন, সান্তোস কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিবের উত্তরাধিকার হলে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার জন্য বিশেষ হুমকি হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ কলম্বিয়া তখন সীমান্ত অতিক্রম করে সন্দেহভাজন বিদ্রোহীদের খোঁজে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাবে। রাফায়েল কোরেয়া বলেন, তাঁর দেশে আরেকবার আক্রমণ চালানো হলে কলম্বিয়াকে ছেড়ে দেওয়া হবে না। ইকুয়েডর পাল্টা জবাব দিতে প্রস্তুত।ভেনেজুয়েলা ২০০ বছর আগে স্পেনের উপনিবেশ ছিল। ১৮১০ সালের ১৯ এপ্রিল কারাকাসের মিউনিসিপাল কাউন্সিল এক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্পেনের গভর্নরকে ক্ষমতাচ্যুত করতে সমর্থ হয়। ভেনেজুয়েলা ১৮২১ সালের ২৪ জুন পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে। এএফপি, রয়টার্স।