ভেনেজুয়েলায় আবার ভোট গণনা শুরু ৬ মে
ভেনেজুয়েলার নির্বাচন কমিশন ১৪ এপ্রিল অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট আবার গণনা করবে। তবে বিরোধী দলের দাবি পুরো ভোট নয়, অংশবিশেষ আবার গণনা করা হবে। গণনা শুরু হবে আগামী ৬ মে।গত বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ঘোষণায় দেশটির নির্বাচন কমিশনের প্রধান তিবিসে লুসেনা বলেন, ৬ মে আংশিক ভোট গণনা শুরু হবে। তবে তিনি বলেন, বিরোধী দলের নেতা হেনরিক ক্যাপরিলেস সব ভোট গণনার যে দাবি তুলেছেন, তা পূরণ করা অসম্ভব। তিনি জানান, কেবল বিতর্কিত কয়েকটি কেন্দ্রের ভোট আবার গণনা করা হবে। ৬ মে থেকে শুরু হয়ে এই গণনা চলবে ৪ জুন পর্যন্ত।নির্বাচন কমিশনের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন ক্যাপরিলেস। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় মন্তব্য করেন, ‘ভেনেজুয়েলার মানুষকে আবারও তারা বোকা ভাবছে! সব না গুনে এই গণনা করা হবে স্রেফ ধাপ্পাবাজি!’এ নির্বাচন বাতিল ঘোষণা করে আবার নির্বাচনের আয়োজন করার নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন বলে জানান ক্যাপরিলেস।দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর চলতি বছরের মার্চ মাসে মৃত্যুবরণ করেন ভেনেজুয়েলার বিপ্লবী নেতা হুগো চাভেজ। তাঁর মৃত্যুর পর প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে পড়ায় ১৪ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিবিসি।