ভেনেজুয়েলায় চাভেজ-পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ১৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী হুগো চাভেজ-পরবর্তী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গত শনিবার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। গতকাল রোববার থেকে ভেনেজুয়েলায় রাজনৈতিক দলগুলোর প্রার্থী নিবন্ধন শুরু হয়েছে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা যান।ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক দিন পর ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রধান বিরোধী জোট মাদুরোর শপথ অনুষ্ঠান বর্জন করে। এই শপথ নেওয়াকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় তারা। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধীরা। গত অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে চাভেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেসকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে তারা।ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডট্যাবলের (এমইউডি) নির্বাহী সচিব র‌্যামন গুলের্মো অ্যাভেলেদো জানান, ‘হেনরিক ক্যাপ্রিলেসকেই আমরা প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছি।’ আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত করায় জোটের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ্রিলেস। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এক বার্তায় তিনি জোটের নেতাদের প্রতি ‘কৃতজ্ঞতা’ জানান। চাভেজের দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার প্রার্থী হিসেবে নিকোলা মাদুরোর নির্বাচন করার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। চাভেজের অনুসারীরা মনে করছেন, ভেনেজুয়েলার জনগণ চাভেজের উত্তরসূরি হিসেবে মাদুরোকেই বেছে নেবেন। এএফপি।