ভেনেজুয়েলায় ছয়টি কেব্ল টিভির সম্প্রচার বন্ধ
ভেনেজুয়েলার সরকারবিরোধী আরসিটিভিসহ ছয়টি কেব্ল টেলিভিশন চ্যানেলের সম্প্রচার গতকাল রোববার সকাল থেকে বন্ধ করে দিয়েছেন সে দেশের কেব্ল অপারেটররা। দেশটির প্রেসিডেন্ট হুগো শাভেজের ভাষণ সম্প্রচারবিষয়ক সরকারের জারি করা নতুন প্রবিধান মানতে অস্বীকৃতি জানানোয় কেব্ল অপারেটররা এ ধরনের সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।আরসিটিভির যোগাযোগবিষয়ক পরিচালক গ্লেডিস জাপিয়ান জানিয়েছেন, বিনা নোটিশে গতকাল সকাল থেকে তাঁদের সব সম্প্রচার বন্ধ রাখেন কেব্ল অপারেটররা। তিনি বলেন, সে দেশের সব কেব্ল অপারেটর আরসিটিভি ছাড়াও দেশটির আরও পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছেন।কেব্ল অপারেটরদের এ ধরনের সিদ্ধান্তে সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে কি না, এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নতুন বিধান অনুযায়ী সব কেব্ল টেলিভিশন চ্যানেলকে প্রেসিডেন্ট হুগো শাভেজের ভাষণ সম্প্রচার করতে হবে। আরসিটিভিসহ ওই ছয়টি চ্যানেল এ বিধি মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। গত শনিবারও আরসিটিভি চ্যানেল কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয়।আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক হুগো শাভেজ ১৯৯৯ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে। জনমত জরিপে ২০০৯ সালের শুরুর দিকে শাভেজের জনপ্রিয়তা ছিল ৬০ শতাংশ। এখন তা নেমে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।