ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। ১৪ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মাসে প্রেসিডেন্ট হুগো চাভেজের মৃত্যুর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৫ বছরের মধ্যে এবারই প্রথম চাভেজকে ছাড়া দেশটিতে নির্বাচন হচ্ছে। গত ৫ মার্চ ক্যানসারে মারা যান চাভেজ। গতকাল আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও এর আগেই দুই প্রধান প্রার্থী অনানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। গত সোমবার বিরোধীদলীয় প্রার্থী হেনরিকে ক্যাপরিলেস অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে প্রচারণায় অবৈধভাবে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ব্যবহারের অভিযোগ করেন।জনমত জরিপে দেখা গেছে, ক্যাপরিলেস ও মাদুরো কাছাকাছি অবস্থানে রয়েছেন। মাদুরোর দল ইউনাইটেড সোশালিস্ট পার্টির (পিএসইউভি) ব্যাপারে ক্যাপরিলেস অভিযোগ করেন, ‘রাষ্ট্রীয় গণমাধ্যম একটি রাজনৈতিক দলের প্রচারণা শাখা হয়ে কাজ করছে।’ অভিযোগের জবাবে যোগাযোগমন্ত্রী আরনেস্তো ভিলেগাস বিরোধীদলীয় প্রার্থী ক্যাপরিলেসকে সরকারি টেলিভিশনে সাক্ষাত্কার দেওয়ার অনুরোধ জানান। অবশ্য ক্যাপরিলেস রাষ্ট্রীয় গণমাধ্যম তাঁর ব্যাপারে পক্ষপাতদুষ্ট—এমন অভিযোগ করে এ ধরনের অনুরোধ ইতিপূর্বে প্রত্যাখ্যান করেন।বামপন্থী নেতা বিপ্লবী হুগো চাভেজ মারা যাওয়ার আগে নিকোলা মাদুরোকে তাঁর উত্তরসূরি মনোনীত করে যান। বিবিসি।