ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। গত এক দশকের মধ্যে এই নির্বাচনকেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গতকাল সকাল ছয়টায় (বাংলাদেশ সময় গতকাল রোববার বিকেল সাড়ে চারটা) ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে টানা ১২ ঘণ্টা। এ নির্বাচনে বৈধ ভোটার রয়েছেন এক কোটি ৯০ লাখ। নির্বাচন শান্তিপূর্ণ করতে দেশব্যাপী এক লাখ ৪০ হাজার সেনা নামানো হয়েছে। পাশাপাশি আজ সোমবার পর্যন্ত অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় থাকছে। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার এই ব্যবস্থায় কারচুপির কোনো সুযোগ নেই।তবে বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজ অভিযোগ করে বলেন, নির্বাচনে তিনি জয়ী হলেও তাঁর জয়ে স্বীকৃতি না নিতে সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোটের আগে সর্বশেষ জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, চাভেজ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছেন।বামপন্থী প্রার্থী হুগো চাভেজ (৫৮) ১৯৯৮ সাল থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী দেশটির বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলস (৪০)।চাভেজ ভোটারদের বলেছেন, তিনি তাঁর চালু করা সমাজতান্ত্রিক বিপ্লব অব্যাহত রাখতে চান। অন্যদিকে ক্যাপরিলস ভোটারদের কাছে চাভেজের ব্যর্থতা তুলে ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।আগামী ছয় বছরের জন্য আবারও দেশের শাসনভার নিজ কাঁধে তুলে নেওয়ার ব্যাপারে আশাবাদী চাভেজ গত বছর ক্যানসারের চিকিৎসা নেন। বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই নেতা আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন আলোচিত, বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে বিশেষ পরিচিত পেয়েছেন। পশ্চিমাদের ঘোর বিরোধী বলে সুপরিচিত চাভেজ অর্থনীতির গুরুত্বপূর্ণ সব খাত সরকারি মালিকানায় নিয়ে আসেন। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। চাভেজের শাসনাধীনে গত দশকে আন্তর্জাতিক বাজারে দেশটির তেলের মূল্য অনেক বেড়ে যায়। একে পুঁজি করে তিনি দেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক আবাসন খাতে বিশেষ সাফল্য দেখাতে সক্ষম হন।তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্যাপরিলস ও অন্য বিরোধীরা চাভেজের নীতি দেশকে আমলাতন্ত্র, অদক্ষতা ও ঘাটতির দিকে ঠেলে নিয়ে গেছে বলে সমালোচনা করেন। চাভেজের বিরুদ্ধে তাঁরা স্বৈরশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ ও গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ারও অভিযোগ তোলেন।চাভেজ ও ক্যাপরিলস গত বৃহস্পতিবার শেষবারের মতো তাঁদের নির্বাচনী প্রচারণা চালান। উভয় প্রার্থীর পক্ষে এদিন সমাবেশে বিপুলসংখ্যক মানুষকে সমবেত হতে দেখা যায়। ভোটারদের আকৃষ্ট করতে দুজনই যোগাযোগের সামাজিক মাধ্যমগুলোও ব্যবহার করেন। বিবিসি ও এএফপি।