ভেনেজুয়েলায় প্রয়াত বিপ্লবীর জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা প্রয়াত হুগো চাভেজের সপ্তাহব্যাপী জন্মদিন উৎসব উদ্যাপন করছে দেশের মানুষ। দীর্ঘদিন ক্যানসারে ভুগে প্রায় পাঁচ মাস আগে তিনি মারা যান। তাঁর প্রতি সম্মান দেখাতেই মৃত্যুর পরও জন্মদিন উদ্যাপনের এ আয়োজন করা হয়েছে।১৯৫৪ সালের ২৮ জুলাই জন্ম নেন এই বিপ্লবী। ১৯৯৯ সাল থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। নানা উপহারসামগ্রী ও ‘সুপ্রিম কমান্ডার’ চাভেজের বার্তা নিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও তাঁর রয়েছে।চাভেজের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি নিকোলা মাদুরো রাষ্ট্রের হাল ধরলেও ভেনেজুয়েলার মানুষ কার্যত এখন বিভক্ত। চরম অর্থনৈতিক দুর্দশা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক বিস্তারের জন্য প্রায় অর্ধেক জনগোষ্ঠীই মাদুরোকে দায়ী করছেন।চাভেজের স্মরণে তাঁর মৃত্যুর পর সাবেক সামরিক একাডেমি কার্টেল দ্য লা মন্তানাকে জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। জাদুঘরের ভেতর মার্বেল পাথরে তৈরি চাভেজের শবাধার রাখা আছে। তাঁর মৃত্যুর ক্ষণ স্মরণ করতে প্রতিদিন বিকেল চারটা ২৫ মিনিটে এখান থেকে কামানের একটি করে তোপধ্বনি করা হয়।রোববার মাদুরো শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে জাদুঘরে গিয়ে প্রয়াত নেতার নীতি অনুসরণ করে যাওয়ার অঙ্গীকার করে জন্মদিন পালন করেন। তিনি এ সময় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করারও অঙ্গীকার করেন। এএফপি।