ভেনেজুয়েলায় সংলাপের ডাক মাদুরোর
ভেনেজুয়েলায় চলমান সরকারবিরোধী বিক্ষোভ থামাতে সংলাপের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা রক্তাক্ত রূপ নেওয়ার প্রেক্ষাপটে গত রোববার তিনি এই আহ্বান জানান।
ভেনেজুয়েলায় গত ৪ ফেব্রুয়ারি বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে। বিরোধী নেতা হেনরি ক্যাপ্রেলিসের ডাকে গত শনিবার রাজধানী কারাকাসে যে গণবিক্ষোভ হয়েছে, তা নিয়ে কিছুটা চিন্তিত মাদুরোর বামপন্থী সরকার।
সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে শনিবার হাজার হাজার লোক কারাকাসে জড়ো হয়। অপরাধমূলক কর্মকাণ্ডের হার বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি এবং সরকারি ইন্ধনে সশস্ত্র গ্রুপগুলোর হিংস্র কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ তারা।
শনিবার রাতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। পরেরদিন মাদুরো ‘জাতীয় শান্তি সম্মেলন’ করার ঘোষণা দেন। ‘সব সামাজিক, রাজনৈতিক, ইউনিয়ন ও ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে’ কাল বুধবার এ সম্মেলন হবে। তেলেসুর টিভি নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো বলেন, তিনি বিক্ষোভের বিষয়টি খতিয়ে দেখতে একটি ট্রুথ কমিশন গঠন করতে জাতীয় পরিষদকে বলবেন। এএফপি।