লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজপথ আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে। ছড়িয়ে পড়ছে সহিংসতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। চলমান অস্থিতিশীলতার জন্য সরকার ও বিরোধীদলীয় নেতারা পরস্পরকে দায়ী করছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
সব মিলিয়ে দেশটিতে উত্তেজনা এখন তুঙ্গে। সরকারবিরোধী আন্দোলন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি গত বছর নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছেন। এখন ভেনেজুয়েলার ভেতরে-বাইরে বড় প্রশ্ন: এই আন্দোলনই কি দেশটিতে সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটাবে?
দক্ষিণ আমেরিকার এই দেশটির সার্বিক পরিস্থিতিকে সন্তোষজনক বলার উপায় নেই। মুদ্রাস্ফীতি বেড়ে গত বছর ৫৬ শতাংশে পৌঁছায়। অপরাধ কর্মকাণ্ডের হারও অনেক বেশি। মালপত্রের সংকটে অনেক দোকানপাট ফাঁকা। কিন্তু পরবর্তী নির্বাচন আসতে আরও কয়েক বছর বাকি। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়াত নেতা হুগো চাভেজের বিপ্লব বুঝি এবার শেষ হতে চলেছে। দেশে অদূর ভবিষ্যতে বেশ কিছু ব্যতিক্রমধর্মী পরিবর্তন ঘটে যেতে পারে। এখন সরকার ও আন্দোলনকারীদের তৎপরতার ওপর অনেক কিছুই নির্ভর করছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আর্মহার্স্ট কলেজের রাজনীতিবিজ্ঞান বিভাগের জ্যাভিয়ার কোরালেস বলেন, এখন যেকোনো কিছু ঘটতে পারে। সব দিক থেকেই এখন সংকট তৈরি হয়েছে। সরকারের টিকে যাওয়ার একাধিক উপায় আছে। আবার এবারের লড়াইয়ে তারা হেরেও যেতে পারে।
বিরোধীদের ওপর মাত্রাতিরিক্ত দমন-পীড়ন চালালে সরকারকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন বেসরকারি প্রতিষ্ঠান ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকার জ্যেষ্ঠ গবেষক ডেভিড স্মিল্ড বলেন, ভেনেজুয়েলার সরকার বেশি কঠোর হলে দেশে-বিদেশে সমর্থন হারাতে পারে।
তবে প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে এখনো বিপুল জনসমর্থন রয়েছে। তাই তিনি প্রয়াত পূর্বসূরি চাভেজের সমর্থকদের প্রতি আস্থা রেখে সমাজতান্ত্রিক বিপ্লবের চেতনাকে কাজে লাগিয়ে এখনো দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারেন।