ভেনেজুয়েলায় সরকারবিরোধী নেতা গ্রেপ্তার
ভেনেজুয়েলায় সরকারবিরোধী আন্দোলনের প্রধান নেতা লিওপোলদো লোপেজকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনের নামে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে লোপেজ দাবি করেন, তিনি আত্মসমর্পণ করেছেন।
মুদ্রাস্ফীতি, সহিংস অপরাধ, দুর্নীতি বৃদ্ধি ও নিত্যপণ্যের ঘাটতির অভিযোগ এনে বেশ কিছুদিন ধরে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পপুলার উইল পার্টির নেতা লোপেজ। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পদত্যাগও দাবি করছিলেন তিনি।
লোপেজকে গ্রেপ্তার করে নেওয়ার সময় তাঁর হাজার হাজার সমর্থক রাজপথে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দেন লোপেজ। তিনি বলেন, ‘অন্যায্য বিচারব্যবস্থার কাছে আমি আত্মসমর্পণ করেছি। আমার কারাবরণ হয়তো দেশ রক্ষায় জনগণকে জাগিয়ে তুলবে।’
লোপেজের দল পপুলার উইল পার্টি জানায়, দলীয় নেতা লোপেজকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হবে। সেখানে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনাবে। লোপেজের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসের অভিযোগ আনা হতে পারে বলে আশঙ্কা করছেন দলীয় নেতারা। আল-জাজিরা।