ভেস্তে গেল ক্যামেরন সরকারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন বারকো
জন বারকো

যুক্তরাজ্যের পার্লামেন্টের স্পিকার জন বারকোকে অপসারণে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সরকারের উদ্যোগ ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে সরকারি দল ২২৮-২০২ ব্যবধানে হেরে যায়। পার্লামেন্টের কার্যপ্রণালি বিধিতে পরিবর্তন আনার প্রস্তাবের ওপর ওই ভোট হয়। এটি পাস হলে বর্তমান স্পিকারকে আগামী নির্বাচনের পর সরানোর কাজটি সহজ হতো। খবর দ্য গার্ডিয়ানের।
জ্যেষ্ঠ মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলে নিজেকে বর্তমান জোট সরকারের শরিক কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটস—উভয় দলের কাছে অজনপ্রিয় করে তুলেছেন হাউস অব কমন্সের স্পিকার বারকো। তাই আগামী নির্বাচনের পর তাঁকে সরিয়ে দিতে একজোট হয়েছে দল দুটি। এ ঘটনাকে আখ্যা দেওয়া হয়েছে ‘বার-ক্যু’ হিসেবে। সরকারের পক্ষে গত বুধবার পার্লামেন্টে প্রস্তাবটি তোলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। এর বিষয়বস্তু ছিল আগামী নির্বাচনের পর স্পিকার বারকোর ভবিষ্যৎ নির্ধারণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হবে কি না।
আগে থেকে আলোচনা না করে পার্লামেন্টের মেয়াদের একেবারে শেষ কার্যদিবসে এমন উদ্যোগ নেওয়ায় সমালোচনা হয়েছে। তবে সমালোচনা প্রত্যাখ্যান করে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটস নেতারা বলছেন, আলোচনা না করে উদ্যোগ নেওয়া হয়েছে, এ অভিযোগ সত্যি নয়। কারণ, হাউস অব কমন্সের কার্যপ্রণালি বিধিবিষয়ক কমিটির একটি সুপারিশের ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কনজারভেটিভ দল বলছে, উইলিয়াম হেগ হাউস অব কমন্সের ওই সুপারিশের ওপর এমপিদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন মাত্র। কারণ, কমিটি মত দিয়েছে, প্রতিটি পার্লামেন্টের শুরুতে যে স্পিকার নির্বাচন হয়ে থাকে, তা গোপন ব্যালটের মাধ্যমে হওয়া উচিত কি না, সেই সিদ্ধান্ত এমপিদেরই নিতে দিতে হবে।
বারকোর বিরোধীরা স্পিকার নির্বাচনের প্রচলিত পদ্ধতির পরিবর্তে গোপন ব্যালট ব্যবহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার। তাদের যুক্তি, বর্তমান নিয়ম অব্যাহত থাকলে আগামী নির্বাচনের পর পার্লামেন্টের প্রথম অধিবেশনে বারকোই স্পিকারের আসনে বসবেন। তখন খুব কম এমপিই তাঁর বিরুদ্ধে আপত্তি জানাবেন। ফলে তিনিই পুনর্নির্বাচিত হয়ে যাবেন। এমনই সাধারণত হয়ে আসছে। কিন্তু গোপন ব্যালটের ব্যবস্থা করা হলে এমপিরা নির্ভয়ে স্পিকারের বিরোধিতা করতে পারবেন।