ভোট কারচুপির অভিযোগে মামলা করছে সিপিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ব্যাপক সন্ত্রাস, ভোট চুরি ও ভোট ডাকাতির অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হচ্ছে সিপিএম। গত বুধবার বারাসাতে এক স্মরণসভায় যোগ দিয়ে ভোট ডাকাতির অভিযোগে মামলা করার কথা বলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সিপিএম সম্পাদক গৌতম দেব৷
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ব্যাপক সন্ত্রাস, ভোট চুরি ও ভোট ডাকাতির অভিযোগ আগেই তুলেছিল সিপিএম। কিন্তু তাদের অভিযোগে কান দেয়নি নির্বাচন কমিশন।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীকে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করেন৷ এরপর ক্ষোভে শুভেন্দুও বলেন, পশ্চিমবঙ্গে কীভাবে লোকসভার ভোট হয়েছে, তা তিনি ভালো করেই জানেন৷
বুধবার বারাসাতে দলীয় এক স্মরণসভায় গৌতম দেব বলেন, কত মানুষ ভোট দিতে পারেননি, কত ভোট জালিয়াতি হয়েছে, কাদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হয়নি, এসব হিসাব নিয়ে তাঁরা আদালতে যাচ্ছেন৷ এমনকি যাঁদের ভোট লুট করা হয়েছে, তাঁদের সই সংগ্রহ করে তাও জমা দেওয়া হবে আদালতে।