ভোটের আগে 'ওবামা হাওয়া' এগিয়ে নেবে ক্যামেরনকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নির্বাচনের আগে বেশ এগিয়ে দেবে—এ রকম মন্তব্য করেছে ব্রিটিশ গণমাধ্যম। ক্যামেরনের সফরের সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওবামা তাঁকে ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বের বিশ্বস্ত সহযোগীদের একজন’ বলে অভিহিত করেন। খবর এএফপির।
ডেভিড ক্যামেরনের নেওয়া অর্থনৈতিক কর্মসূচিগুলোর প্রশংসা করেন ওবামা। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাড়তে থাকা প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের সঠিক কাজটি করতে হবে।’
ওবামার প্রশংসা নিয়ে ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি-ঘেঁষা পত্রিকা ডেইলি টেলিগ্রাফ প্রথম পাতায় িলখেছে, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বড় সহায়তা পেলেন।’ আগামী মে মাসে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন।
বহুল প্রচারিত ট্যাবলয়েড পত্রিকা সান লিখেছে, ‘ডেভের (ক্যামেরন) পেছনে হোয়াইট হাউস—প্রধানমন্ত্রীর বন্ধুত্ব নিশ্চিত করলেন প্রেসিডেন্ট ’
মে মাসের নির্বাচনে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি প্রতিদ্বন্দ্বী লেবারের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়বে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন নির্বাচনী জরিপে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। জরিপে বলা হচ্ছে, কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাবে না।