ভেড়াকে খাওয়াতে হবে ধনে আর হলুদের ঝোল
বৈশ্বিক উষ্ণতা রোধে ভেড়াকে ঝোল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন গবেষকেরা। ঝোলে মসলা হিসেবে থাকতে হবে ধনে ও হলুদ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি বড় কারণ হচ্ছে মিথেন গ্যাস। এই গ্যাসের বিরাট আধার হচ্ছে ভেড়ার উদর। গবেষণায় দেখা গেছে, ধনে ও হলুদ মিথেন গ্যাস কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দ্য সান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্যের কথা উল্লেখ করা হয়।যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আবদুল শাকুর চৌধুরী ও তাঁর সহযোগী শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি হাসান একটি গবেষণা চালাতে গিয়ে এই তথ্য উদ্ঘাটন করেন।প্রতিবেদনে বলা হয়, ভেড়ার পাকস্থলী থেকে মিথেন গ্যাসের নির্গমন হয়। ভেড়াকে ধনে ও হলুদ খাওয়ালে তা ৪০ শতাংশ হ্রাস পেতে পারে। বিভিন্ন দেশের খাবারে এ দুটি মসলার দেদার ব্যবহার রয়েছে। এসব মসলা ক্ষতিকর জীবাণুকে ধ্বংস ও ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে।মেহেদি হাসান বলেন, জীবাণু ধ্বংস ও বিভিন্ন রোগের চিকিৎসায় মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদে মসলা ব্যবহার করে আসছে। পেটের সমস্যা নিরাময়ে চিকিৎসকেরা যেমন ধনে খাওয়ার পরামর্শ দেন, তেমনই সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থাপত্রে হলুদ ও লবঙ্গ ব্যবহারেরও পরামর্শ দেন তাঁরা।হাসান বলেন, বিশ্ব দিন দিন উত্তপ্ত হয়ে ওঠার পেছনে একটি বড় ভূমিকা রাখছে মিথেন গ্যাস। গরু ও ভেড়ার মতো জাবরকাটা প্রাণীরা এই গ্যাসের প্রধান উৎপাদক। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু মসলার এমন গুণ রয়েছে, যা এসব প্রাণীর হজমের প্রক্রিয়াকে দ্রুত করে বর্জ্য উৎপাদনের মাত্রা কমিয়ে দেয়। বিশেষ করে, মিথেনের উৎপাদন গ্রাস করে। অরেঞ্জ অনলাইন।