ভোট কারচুপি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে সিপিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ লোকসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হচ্ছে সিপিএম। গতকাল বুধবার বারাসাতে দলীয় এক স্মরণসভায় ভোট কারচুপির মামলা দায়েরের কথা বলেছেন সিপিএমের নেতা ও উত্তর চব্বিশ পরগনা জেলার সিপিএম সম্পাদক গৌতম দেব।
গৌতম বলেন, কত মানুষ ভোট দিতে পারেননি, কত ভোট জালিয়াতি করা হয়েছে, কাদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হয়নি, এসব হিসাব নিয়ে তাঁরা আদালতে যাচ্ছেন। এমনকি যাঁদের ভোট লুট করা হয়েছে তাঁদের সই সংগ্রহ করে তা-ও জমা দেওয়া হবে আদালতে।
গৌতম দেব বলেন, শুধু উত্তর চব্বিশ পরগনা জেলাতেই তিন লাখ ৭২ হাজার ভোট লুট করা হয়েছে।
এর আগে ষোড়শ লোকসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস ও ভোট কারচুপির অভিযোগ তুলেছিল সিপিএম। কিন্তু তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের পাঠানো বিশেষ পর্যবেক্ষক নির্বাচনের পর কলকাতা ছাড়ার সময় বিমানবন্দরে বলেছিলেন, তাঁর ওষুধে এবার কাজ হয়নি পশ্চিমবঙ্গে। অর্থাত্ তিনিও পশ্চিমবঙ্গে স্বচ্ছ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। এ ছাড়া পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীও বলেছিলেন, কীভাবে ভোট হয়েছে, তা তিনি ভালো করেই জানেন।