দল পরিচালনা নিয়ে মতপার্থক্যের জের ধরে দেশ ত্যাগ করেছিলেন। বাবা মান ভাঙানোর পর আবার দেশে ফিরলেন। দেশে ফিরেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়লেন বিলাওয়াল ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান গত বুধবার রাতে ভুট্টো পরিবারের শক্ত ঘাঁটি বলে পরিচিত সিন্ধু প্রদেশের নদেরোতে এক দলীয় সভায় অংশ নেন। সেখানে পাকিস্তান রাষ্ট্রের প্রতি ভুট্টো পরিবারের অবদান তুলে ধরে তিনি দেশবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।রাত দেড়টার দিকে অনুষ্ঠিত ওই সভায় পিপিপির শত শত নেতা-কর্মী সমবেত হন। বিলাওয়াল তাঁর বক্তব্যে নানা জুলফিকার আলী ভুট্টো ও মা বেনজির ভুট্টোর অবদানের কথা তুলে ধরেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, জুলফিকার আলী ভুট্টোর নাতি ও বেনজির ভুট্টোর ছেলে আজ আপনাদের শান্তি প্রতিষ্ঠার আন্দোলনে আহ্বান জানাচ্ছেন। আর এটা তখনই সম্ভব হবে যখন পাকিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।পিপিপির নির্বাচনী প্রতীক ‘তির’কে গণতন্ত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করে বিলাওয়াল তাঁর দলকে নির্বাচিত করার আহ্বান জানান। তাঁর এই ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বাবা আসিফ আলী জারদারির বোন ফারিয়াল তালপুরের সঙ্গে বিরোধের খবরও ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করেন বিলাওয়াল। তিনি ফুফুর জন্য ভোট প্রার্থনা করে বলেন, পার্লামেন্টে তিনিই (ফারিয়াল তালপুর) ‘তাঁর (বিলাওয়াল) আসনের’ রক্ষাকবচ।বিলাওয়াল দলীয় কর্মীদের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের নির্বাচনী প্রচারণায়ও সমর্থন দেওয়ার অনুরোধ জানান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ৪ এপ্রিল জনসভার আয়োজন করা হয়। কিন্তু এবার সেই কর্মসূচি বাতিল করে নদেরোতে রুদ্ধদ্বার কর্মিসভার আয়োজন করা হলো। দলীয় সূত্রগুলো বলছে, দল পরিচালনা নিয়ে বাবা ও ফুফুর সঙ্গে অভিমান করে গত মাসের শেষ সপ্তাহে দুবাইয়ে চলে যান বিলাওয়াল। পরে তাঁর মান ভাঙাতে সেখানে ছুটে যান বাবা জারদারি। অতঃপর এক সপ্তাহ শেষে আবার দেশে ফেরেন ২৪ বছর বয়সী এই নেতা। পিপিপির নেতারা জানান, সাধারণ নির্বাচন সামনে রেখে বেশ কিছু জনসভায় বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান। তবে তিনি দলীয় প্রচারণার নেতৃত্বে থাকছেন না।নদেরোর সভায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও ভাষণ দেন। তিনি তাঁর বক্তব্যে পিপিপি নেতৃত্বাধীন সরকারের সাফল্য তুলে ধরলেও ভোট প্রার্থনা করেননি। তাঁর দলই পাকিস্তানে গণতন্ত্র শক্তিশালী করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘নানা সমস্যা, বাধা ও সমালোচনা সত্ত্বেও আমরা গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছি। এই প্রথমবারের মতো কোনো বেসামরিক সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। ভবিষ্যতে দেশে গণতন্ত্র আরও সুসংহত হবে।’ টাইমস অব ইন্ডিয়া।