
ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে ১২ রাজ্যের ১১৭টি আসনে ভোট মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হলো গতকাল বৃহস্পতিবার। বিক্ষিপ্ত কয়েকটি হিংসাত্মক ঘটনা ঘটলেও প্রচণ্ড দাবদাহের মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোট দেন ভারতীয়রা। একমাত্র ব্যতিক্রম ছিল মুম্বাই, যেখানে ভোটের পরিবেশ ছিল নিষপ্রভ।
তবে ভোটপর্বকে ছাপিয়ে বড় হয়ে ওঠে ভোটের দিন নরেন্দ্র মোদির মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিতর্ক। নির্বাচনবিধি লঙ্ঘন করার অভিযোগে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে এফআইআর দাখিল করার দাবি জানায় কংগ্রেস।
ষষ্ঠ পর্যায়ের ভোট যেসব আসনে অনুষ্ঠিত হলো, সেগুলোর মধ্যে মধ্যপ্রদেশ (১০টি আসন), ছত্তিশগড় (সাতটি), রাজস্থান (পাঁচটি) ও বিহারে (৭) বিজেপির শক্তি বেশি। ২০০৯ সালের ভোটে এই ১১৭ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল মাত্র ২৬টি। কংগ্রেস পেয়েছিল ৩৬টি। এ পর্বের ভোটে তামিলনাড়ুর ৩৯ ও পদুচেরির একটি, মোট ৪০টি আসন রয়েছে, যেখানে বিজেপির ভাগে একটিও গতবার আসেনি, এবারও আসার সম্ভাবনা ক্ষীণ। দিল্লি দখল করতে হলে এই পর্বে ঝাড়খন্ড, মহারাষ্ট্র, আসাম, উত্তর প্রদেশ ও বিহারে বিজেপিকে আগের তুলনায় ভালো ফল করতে হবে।
উত্তর প্রদেশের যে আসনগুলোতে ভোট হলো, সেগুলো সমাজবাদী পার্টির দুর্গ বলা যায়। খোদ মুলায়ম সিং, তাঁর পুত্রবধূ ডিম্পল ও তাঁর ভাইয়ের ছেলে ধর্মেন্দ্র যাদবের ভোটভাগ্য গতকাল নির্ধারিত হয়ে গেল। মথুরায় জোর লড়াই হলো বিজেপির রাজ্যসভার সদস্য সাবেক তারকা অভিনেত্রী হেমা মালিনী ও কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংয়ের ছেলে জয়ন্ত চৌধুরীর মধ্যে। এঁরা ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন বিজেপির সুষমা স্বরাজ (মধ্যপ্রদেশের বিদিশা), পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেস নেতা সালমান খুরশিদ (উত্তর প্রদেশের ফারুক্কাবাদ), মিলিন্দ দেওরা (মুম্বাই দক্ষিণ), প্রিয়া দত্ত (মুম্বাই উত্তর-মধ্য), রাষ্ট্রীয় লোকদলের অমর সিং (ফতেপুর সিক্রি), আম আদমি পার্টির মেধা পাটেকর (মুম্বাই উত্তর-পূর্ব), সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন (রাজস্থানের টঙ্ক) প্রমুখ। পশ্চিমবঙ্গের যে ছয়টি আসনে ভোট হলো, সেগুলো কংগ্রেসের ঘাঁটি। এই ছয় আসনের মধ্যে পাঁচটি ছিল কংগ্রেসের দখলে, একটি (বালুরঘাট) আরএসপির। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রগুলোতে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার বিষয়।
দেশজোড়া ভোটের এই উন্মাদনাকে ছাপিয়ে শেষবেলায় বড় হয়ে ওঠে পবিত্রগণ্য নগর বারানসিতে নরেন্দ্র মোদির
দুই ঘণ্টার ‘রোড শো’ ও মনোনয়নপত্র পেশ নিয়ে বিতর্ক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, বৃহস্পতিবার শুভদিন না হওয়া সত্ত্বেও মোদি মনোনয়নপত্র জমা দেন। এবং তা করার আগে তিনি টানা দুই ঘণ্টা ধরে এক বর্ণাঢ্য রোড শো করেন। পুলিশের হিসাব অনুযায়ী, লক্ষাধিক মানুষ তাঁর অনুগামী হন। হুড খোলা ট্রাকে মোদিকে শাঁখ বাজিয়ে ও হলুদ গাঁদাফুলের পাপড়ি ছড়িয়ে বারানসির মানুষ বরণ করে নেন। বেলা তিনটা নাগাদ তিনি জেলা প্রশাসকের অফিসে মনোনয়নপত্র পেশ করেন। এর আগে তিনি বলেন, ‘মা গঙ্গা আমাকে ডেকেছেন বলেই আজ আমি বারানসি এসেছি। আপনারা আমাকে শক্তি দিন, যাতে বারানসির মানুষের সেবা করতে পারি।’ কী সেই সেবা? মোদি বলেন, বারানসিকে আধ্যাত্মিক শহর হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করতে চান। আর চান বেনারসি শাড়ির কারিগরদের এমন সহায়তা দিতে, যাতে চীনের নকল সিল্কের মোকাবিলা করা যায়।
বিতর্কের শুরু এর পরই। কংগ্রেসের পক্ষ থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা অভিযোগ করেন, মোদি নির্বাচনবিধি ভঙ্গ করেছেন। নির্বাচন কমিশনের উচিত তাঁর বিরুদ্ধে এফআইআর করা। সন্ধ্যায় অজয় মাকেনের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানিয়ে আসেন। কংগ্রেসের অভিযোগ, ১১৭টি আসনে যেদিন ভোট হচ্ছে, সেদিনই মোদি রোড শো করে মনোনয়নপত্র পেশ করছেন, ভাষণ দিচ্ছেন, দলের হয়ে প্রচার করছেন এবং সারা দেশে তা সম্প্রচারিত হচ্ছে। এটা নিশ্চিতভাবেই বিধি ভঙ্গ।
ঘটনা হলো, রাহুল গান্ধী যেদিন আমেথিতে মনোনয়নপত্র জমা দেন, সেদিনও দেশের বিভিন্ন অংশে নির্বাচন ছিল। তাহলে তো রাহুলও বিধি ভঙ্গ করেছিলেন! আনন্দ শর্মাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, রাহুলের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সামান্য কয়েকটি কেন্দ্রে ভোট ছিল। শতাধিক আসনে নয়। দ্বিতীয়ত, বিজেপি কেন তখন আপত্তি জানায়নি? কংগ্রেসের আপত্তি ও অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক কোনো অভিমত জানা যায়নি।
মনোনয়নপত্র জমা দিতে বারানসি গিয়ে মোদি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে হেলিকপ্টার থেকে নামেন। সেখানে তিনি বিশিষ্ট সমাজতন্ত্রী নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যর মূর্তিতে মালা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সমাজবাদী পার্টির নেতারা মদন মোহন মালব্যের মূর্তিকে ‘পাপমুক্ত করতে’ গঙ্গাজল দিয়ে ধুয়ে ‘সাফ’ করেছেন।