ভোট জালিয়াতি রোধে যুক্তরাজ্যের বাঙালিপাড়ায় বিশেষ পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট এলাকায় ভোটকেন্দ্রের বাইরে পুলিশের পাহারা। ছবি: প্রথম আলো
লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট এলাকায় ভোটকেন্দ্রের বাইরে পুলিশের পাহারা। ছবি: প্রথম আলো

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ভোট জালিয়াতি রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ওই এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশি পাহারা বসানো হয়। এটাই ছিল যুক্তরাজ্যের একমাত্র এলাকা যেখানে ভোট জালিয়াতি ঠেকাতে পুলিশি উপস্থিতির প্রয়োজন পড়ে।

নির্বাচনে ধর্মের অপব্যবহার, ভোট জালিয়াতি, ভোটারদের প্রভাবিত করা এবং ভোট কেন্দ্রের সামনে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টার দায়ে সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত লুতফুর রহমানকে টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ থেকে বহিষ্কার করে আদালত। টাওয়ার হ্যামলেটসে ২০১৪ সালের ২২ মে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে লুতফুর রহমান এবং তাঁর সমর্থকদের বিষয়ে ওই সব অভিযোগ উঠে। যার পরিপ্রেক্ষিতে করা মামলায় আদালত ওই নির্বাচন বাতিল করে লুতফুর রহমানকে পাঁচ বছর নির্বাচন থেকে নিষিদ্ধ করে। একই সঙ্গে লুতফুর রহমানের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতায় বাতিল করা হয়।

আজ লন্ডনের ভোটকেন্দ্রগুলো ঘুরে একমাত্র ব্যতিক্রম পাওয়া যায় টাওয়ার হ্যামলেটসের ভোটকেন্দ্রগুলো। এখানকার কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি ভোটকেন্দ্রের সামনে বিশেষ লাইন টেনে দেওয়া হয়েছে। যার বাইরে সমর্থকদের অবস্থান করতে হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানায়, সর্বমোট ৩৪০ জন পুলিশ সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বে ছিলেন। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের আরও একটি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়। ভোটারদের যাতে কেউ উত্ত্যক্ত করতে না পারেন সে জন্য কেন্দ্রের বাইরে সমর্থকদের অবস্থানের জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভোট জালিয়াতি কিংবা অনিয়মের যেকোনো অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা রেখেছে কাউন্সিল।

গত বছর মেয়র নির্বাচনে নানা অনিয়ম এবং ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের করণে সমালোচিত হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সম্প্রতি আদালতও কাউন্সিলের ব্যর্থতার সমালোচনা করে।
ভোট দিতে আসা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দা শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সারা দেশে নির্বাচন এক রকম আর এখানে অন্যরকম। এটা বড় লজ্জার বলে মন্তব্য করেন তিনি।