ভোট দিতে জনসমক্ষে ফিদেল কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে অসুস্থ কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো গত রোববার দেশটির সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন। গত বছরের অক্টোবরের পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। দীর্ঘ সময় গণমানুষের আড়ালে থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ, শয্যাশায়ী কিংবা মারা গেছেন, এমন গুজব ছড়িয়ে পড়ে।রাজধানী হাভানার পার্শ্ববর্তী এল ভেদাদো এলাকার একটি কেন্দ্রে ভোট দেন ফিদেল কাস্ত্রো। তাঁর এই উপস্থিতির বিষয়টি ওই দিন নির্বাচনের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। জাতীয় পরিষদের ছয় শতাধিক প্রতিনিধির পাশাপাশি স্থানীয় আইন পরিষদের সদস্যদের নির্বাচিত করতে কিউবাবাসী এদিন ভোট দেন। জনপ্রিয় নেতাকে কাছে পেয়ে ভোটারদের মধ্যেও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।ভোটকেন্দ্রে সাংবাদিক পরিবেষ্টিত বিপ্লবী নেতা কাস্ত্রো (৮৬) ভোটারদের প্রশংসা করে বলেন, ‘কিউবার নাগরিকেরা যে প্রকৃতই বিপ্লবী, সে বিষয়ে আমি দৃঢ়প্রত্যয়ী।’ তিনি বলেন, ‘এটা আমার প্রমাণ করার প্রয়োজন নেই। ইতিহাস তা এরই মধ্যে প্রমাণ করে দিয়েছে। আর ৫০ বছর ধরে মার্কিন অবরোধ যেমন আমাদের দমাতে পারেনি, তেমনি ভবিষ্যতেও পারবে না।’কাস্ত্রো এ সময় কমিউনিটি অব লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস (সিইএলএসি) প্রতিষ্ঠারও প্রশংসা করেন। চিলির সান্টিয়াগোতে গত সপ্তাহে এক শীর্ষ সম্মেলনে কিউবা আনুষ্ঠানিকভাবে এই জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, শুভ্র শশ্রুমণ্ডিত কাস্ত্রো রোববার শেষ বিকেলে তাঁর ভোটটি দেন। এ সময় তাঁর পরনে ছিল কালো শার্ট আর জ্যাকেট। তিনি উপস্থিত ভোটার ও সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। কিউবার জাতীয় পরিষদের ৬১২ জন প্রতিনিধি ও প্রাদেশিক পরিষদের সহস্রাধিক প্রতিনিধি পদে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কিংবা এর অঙ্গসংগঠনের মনোনীত প্রার্থীরাই কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নির্বাচনে কাস্ত্রোর ছোট ভাই ও বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্য শীর্ষ নেতাদেরও ভোট দিতে দেখা গেছে। এএফপি ও বিবিসি।