খসড়া সংবিধানের ওপর গণভোটে গতকাল বুধবার অংশগ্রহণ করেছেন প্রবাসী মিসরীয়রা। এদিকে একই দিন মিসরের কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ও তাহরির স্কয়ারে পৃথক বিক্ষোভ-সমাবেশে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরোধী ও তাঁর সমর্থক হাজার হাজার লোক। মুরসিবিরোধীরা এ ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, দেশটির বিদেশি দূতাবাসগুলোতে গতকাল ওই ভোট গ্রহণ শুরু হয়। চলমান রাজনৈতিক সংকট সমাধানে এ দিন সেনাবাহিনীর সঙ্গে বিবদমান গোষ্ঠীগুলোরও আলোচনায় বসার কথা। দেশের ভেতরে গণভোট অনুষ্ঠিত হবে ১৫ ও ২২ ডিসেম্বর।ইতিমধ্যে প্রেসিডেন্ট মুরসিবিরোধী উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠীগুলো মনে করেছিল, কয়েক দিন ধরে চলা মুরসি-সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভে ওই গণভোট হয়তো বাতিল করা হবে। গত মাসের শেষদিকে মুরসি নিজের ক্ষমতা বাড়িয়ে ডিক্রি জারির প্রতিবাদে বিরোধীরা চলতি সপ্তাহে এই বিক্ষোভ শুরু করেন।রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, গণভোটের তদারকিতে বিচারপতিদের দায়িত্ব পালন প্রয়োজন হলেও তাঁদের অনেকে সরকারের ওই গণভোটের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট করছেন। বাকি বিচারপতিদের সমন্বয় করে তদারকির কাজ চালাতে দেশের ভেতর গণভোট দুই দিন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে দেশের নতুন সংবিধান প্রণয়ন বাধ্যতামূলক হওয়ায় মুরসি খসড়া সংবিধানের ওপর গণভোট আয়োজনে তোড়জোড় করছেন। আগামী বছরের শুরুতে ওই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।গণভোট বাতিলের দাবিতে গতকাল আবারও রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মুরসিবিরোধী। এখানে মঙ্গলবার সকাল থেকেই কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান করছিলেন। গতকাল কায়রোর বিভিন্ন স্থান থেকে আরও হাজার হাজার বিক্ষোভকারী এসে তাঁদের সঙ্গে যোগ দেন। প্রাসাদকে ঘিরে কনক্রিটের ব্লক ও ট্যাংক দিয়ে সেনাবাহিনীর তৈরি অস্থায়ী বেষ্টনীও ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। প্রাসাদের বাইরে শত শত সেনা মোতায়েন থাকলেও সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। এর আগে মুরসি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে দায়িত্ব দেন। তাঁদের বিক্ষোভকারীদের গ্রেপ্তারেরও অনুমতি দেওয়া হয়।ঘটনাস্থলে উপস্থিত বিবিসির সংবাদদাতা জর্জ অ্যালাগিয়া বলেন, রিপাবলিকান গার্ডের সদস্যরা মুরসিবিরোধীদের বিক্ষোভের অনুমতি দেন। তাঁরা কাউকে গ্রেপ্তারও করেননি।প্রেসিডেন্ট মুরসি ও খসড়া সংবিধানের সমর্থনে ঐতিহাসিক তাহরির স্কোয়ারে পাল্টা বিক্ষোভ করেন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড ও সালাফিস্ট সমর্থকেরা। বিক্ষোভ হয়েছে কায়রোর বাইরে আলেকজান্দ্রিয়া ও আসিউত নগরেও।এদিকে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাত্তাহ আল-সিসি ক্রমশ গভীর হতে থাকা রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সব দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল বিকেলে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এতে বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন এ জোটের একজন নেতা। চলমান রাজনৈতিক সংকটের কারণে দেশটির আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ (আইএমএফ) পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সেনাপ্রধান ফাত্তাহ বলেন, ‘আমরা রাজনীতি বা পার্লামেন্টে পাস হওয়া খসড়া সংবিধানের ওপর গণভোট নিয়ে কথা বলব না। আমরা মিসরীয় হিসেবে একসঙ্গে বসব।’ সেনাপ্রধানের একজন সহযোগী জানান, মুরসি এ সংলাপকে সমর্থন জানিয়েছেন। বিবিসি, রয়টার্স ও এএফপি।