ভোট দিলেন ভারতের প্রথম ভোটার নেগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও ভোট দিলেন ভারতের প্রথম ভোটার শ্যামসরণ নেগি। গতকাল বুধবার সকালে বাড়ির কাছের কল্পার চিনি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী হীরাবেন, পুত্রবধূ সুরমা দেবী ও নাতি দীপক কুমার।
১৯৫১ সালে ভারতের প্রথম ভোটকেন্দ্রটি তৈরি হয়েছিল হিমাচল প্রদেশের কিন্নর জেলার কল্পায়। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রাক্কালে প্রথম ভোটার হয়েছিলেন শ্যামসরণ নেগি। তখন তাঁর বয়স ছিল ৩৭ বছর। চাকরি করতেন কল্পার একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম ভোটদানের দিন এই ভোটকেন্দ্রের পোলিং কর্মকর্তার দায়িত্বেও ছিলেন শ্যামসরণ। এখন তাঁর বয়স ৯৭।
এটি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন। ভোট দেওয়ার পর শ্যামসরণ নেগি সাংবাদিকদের বলেন, ‘ভোটের অনেক দাম। তাই এ সুযোগটি এবারও নষ্ট করিনি।’ ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের উদ্যোগে শ্যামসরণকে ভারতের প্রথম ভোটার হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। পরানো হয় উত্তরীয়। হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র ও একটি কুলু টুপি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।