ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সে দেশে আসন্ন নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পেলেও ভোট দেওয়ার সুযোগ পাবেন। গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।১৯৯০ সালের পর এই প্রথম মিয়ানমারে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ক্ষমতাসীন সামরিক জান্তা। নির্বাচন আয়োজন উপলক্ষে প্রণীত নতুন একটি আইনের আওতায় সু চিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) থেকে একটি অংশ বের হয়ে নতুন দল গঠন করে। গত মাসে সু চি ওই দলের নেতাদের নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।সু চি যে এলাকার ভোটার, ওই নির্বাচনী এলাকার নির্বাচন কমিশন কার্যালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নোবেল পুরস্কারজয়ী এই নেত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে। এর আগে ধারণা করা হচ্ছিল, সু চি নির্বাচনে ভোটও দিতে পারবেন না। ২০০৮ সালে প্রণীত দেশটির নতুন সংবিধান অনুযায়ী কারাদণ্ডাদেশপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।এ ব্যাপারে সু চির আইনজীবী ও এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাঁকে ধোঁকা দেওয়া হচ্ছে। তিনি কারাবন্দী নন—এমন দাবি করাও হাস্যকর।’১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিপুল ভোটে জয়ী হলেও সামরিক জান্তা ওই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। বরং তারা সু চিকে গৃহবন্দী করে রাখে। গত ২০ বছরের বেশির ভাগ সময় সু চি গৃহবন্দী হিসেবে পার করেছেন। রয়টার্স।