ভোট পুনর্গণনার আহ্বান নুরি আল মালিকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি সে দেশের পার্লামেন্ট নির্বাচনে পড়া ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল জোট সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া জোটের চেয়ে আট হাজারের কম ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। আর এ জন্য মালিকি ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন।তবে নির্বাচন কমিশন তাঁর এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ৭ মার্চ ইরাকে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। খবর এএফপির।মালিকির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দলগুলো ভোট পুনর্গণনার যে দাবি জানিয়েছে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মালিকি।’ রাজনৈতিক স্থিতিশীলতা টিকিয়ে রাখতে, নিরাপত্তা-পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং সহিংসতা এড়াতে ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন তিনি।তবে গোটা দেশে, নাকি নির্দিষ্টভাবে কয়েকটি প্রদেশে মালিকি এই ভোট পুনর্গণনা চেয়েছেন, সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। নির্বাচন নিয়ে মালিকির বর্তমান অবস্থান তাঁর এক সপ্তাহ আগের অবস্থানের বিপরীত। ওই সময় টেলিভিশনে তিনি বলেছিলেন, নির্বাচন সম্পর্কে অভিযোগ গুরুতর নয় এবং তা নির্বাচনের ফলকে প্রভাবিত করবে না।এর আগে ইরাকের নির্বাচন কমিশন সব ধরনের কারচুপির অভিযোগ নাকচ করে দেয়। তারা প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানায়। দুই সপ্তাহ ধরে ভোট গণনা চলছে। গত শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ ফলাফলে জানানো হয়েছে, ৯২ শতাংশ ভোট গণনা শেষে আলাবির ইরাকিয়া জোট পেয়েছে ২৫ লাখ ৪৩ হাজার ৬৩২ ভোট আর মালিকির স্টেট অব ল জোট পেয়েছে ২৫ লাখ ৩৫ হাজার ৭০৪ ভোট। ১৯ লাখ ১৫ হাজার ৬৫৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকি ন্যাশনাল জোট।সর্বশেষ ফলাফল থেকে দেখা যাচ্ছে, দুই জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে কোন জোট কটি আসনে জয়ী হতে যাচ্ছে, সে ব্যাপারে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। কোনো একক দল বা জোটকে সরকার গঠনের জন্য ৩২৫ আসনের পার্লামেন্টে ১৬৩টি আসনে জয়ী হতে হবে। চলতি মাসের শেষ নাগাদ নির্বাচনের পূর্ণ ফল জানা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা।