ভোটাধিকার-সংক্রান্ত আইন বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ভোটাধিকার আইনের একটি ধারা বাতিলের পর ওয়াশিংটনে আদালত ভবনের সামনে এনএএসিপিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ভোটাধিকার আইনের একটি ধারা বাতিলের পর ওয়াশিংটনে আদালত ভবনের সামনে এনএএসিপিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রণীত আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার বাতিল করে দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশটির কালো মানুষের ভোটাধিকার সংকুচিত হয়ে যাবে। এতে প্রেসিডেন্ট বারাক ওবামাও অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিবিসি বলছে, আদালতে ভোটাধিকার আইন ১৯৬৫-এর ৪ নম্বর ধারা বাতিলের পক্ষে পাঁচজন ও বিপক্ষে চারজন বিচারপতি ভোট দিয়েছেন। ধারাটি বাতিলের পক্ষে দাঁড়ানো বিচারকেরা বলছেন, বর্তমান পরিস্থিতে আইনের ওই ধারাটি অপ্রয়োজনীয় ও বাড়তি মাত্র।
তবে আইনটি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রে মূলত দক্ষিণাঞ্চলের ১৫টি অঙ্গরাজ্যকে কেন্দ্রীয় সরকারের অনুমতি পেতে হবে।

অসন্তুষ্টি ও বৈষম্য
২০০৬ সালে মার্কিন কংগ্রেস ভোটাধিকার আইনের কার্যকারিতা আরও ২৫ বছর বৃদ্ধি করে। আদালতে মতামত লিখতে গিয়ে প্রধান বিচারপতি জন রবার্টস লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে কংগ্রেসের কাছে থাকা তথ্যাদি কংগ্রেস সদস্যরা ঠিক করে যাচাই করেননি।...এটি (আইনটির কার্যকারিতা বৃদ্ধি) কার্যত ৪০ বছরের পুরোনো একটি আইনের ওপর ভিত্তি করে করা হয়েছিল। অথচ আজকের দিনে এর যৌক্তিক কোনো ভিত্তি নেই।’

আইনটির চতুর্থ ধারার মাধ্যমে ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের শর্তগুলো নিষিদ্ধ করা হয়েছিল। একসময়ের মার্কিন আইনে বলা ছিল, একজন ভোটারকে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেতে হলে তাঁকে বেশ কিছু বিষয়ে উত্তীর্ণ হতে হবে। যেমন: লেখাপড়া জানতে হবে, নির্বাচন কর দিতে হবে এবং এ ধরনের আরও অনেক শর্ত পূরণ করতে হবে। কার্যত কালো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতেই দেশটিতে একসময় এ ধরনের নিয়ম কার্যকর করা হয়েছিল।
তবে বিচারকেরা আইনটির পঞ্চম ধারাটি বাতিল করেননি। এ ধারা অনুসারে কোনো একটি অঙ্গরাজ্য যদি নির্বাচনী আইনে পরিবর্তন আনতে চায়, তবে এটিকে কেন্দ্রের অনুমতি নিতে হবে।
তবে চতুর্থ ধারা বাতিলের মধ্য দিয়ে পঞ্চম ধারাটি এমনিতেই দুর্বল হয়ে যায়। এটিকে কার্যকর রাখতে হলে কংগ্রেসকে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে।
চতুর্থ ধারা বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়া বিচারক রুথ বাডের জিন্সবার্গ বলেন, আদালত ভুলবশত কংগ্রেসের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের আদালতকক্ষে তিনি আরও বলেন, এটা নিশ্চিত যে এখনো অনেক ভোটার বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ যে আইনের মধ্য দিয়ে এসব বৈষম্য বন্ধ করার চেষ্টা হচ্ছিল, সেটিকেই আদালত আজ বাতিল করলেন।

‘ভীষণ হতাশ’ ওবামা
আদালতের সিদ্ধান্তে প্রেসিডেন্ট বারাক ওবামা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি এতে ভীষণ হতাশ হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এ আইনের মাধ্যমে কোটি কোটি মার্কিন ভোটারের অধিকার নিশ্চিত করা হচ্ছিল।’
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে যেসব এলাকায় নির্বাচনী বৈষম্য কার্যকর ছিল, সেসব স্থানে স্বচ্ছ নির্বাচনের আয়োজন করতে আইনের যে ধারার মধ্য দিয়ে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতি বন্ধ করা হচ্ছিল, সে ধারাটি আজকের রায়ের মধ্য দিয়ে অকেজো হয়ে গেল।’