ভোটার টানতে অভিনব উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে অধিকসংখ্যক ভোটার যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন, সে জন্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা প্রশাসন এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। ভোট দিলেই ওই ভোটার এই জেলার শপিং মল ও বিভিন্ন দোকান থেকে পণ্য কিনলে পাবে বিশেষ ছাড়। এই ছাড়ের পরিমাণ হবে ২ থেকে ১০ শতাংশ।
ভোটের বাজারে এ ধরনের উদ্যোগ ভারতে এই প্রথম। জুয়েলারি থেকে শপিং মল, মুদি দোকান সব খানেই মিলবে এই ছাড়। জেলার ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সঙ্গে এক বৈঠকে জানিয়ে দিয়েছেন, তারা সাধারণত পূজা, ঈদ বা চৈত্র মাসে পণ্য বিক্রিতে বিশেষ ছাড় দিয়ে থাকেন। এবার না হয় তাঁরা নির্বাচনকে সামনে রেখে এই ছাড় দেবেন। তবে শর্ত একটিই, পণ্য কিনতে গেলে প্রয়োজন হবে ভোটার কার্ড আর ভোট দেওয়ার জন্য আঙুলে কালো কালির ছাপ।
জেলা প্রশাসক জানিয়েছেন, বর্ধমান জেলায় নির্বাচন হচ্ছে ৩০ এপ্রিল ও ৭ মে। আর এই ছাড় দেওয়া হবে ২ ও ৩ মে এবং ৮ ও ৯ মে। দোকানগুলোতেও এ-সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে রাখবে দোকানের মালিকেরা।