ভোটাধিকার রক্ষায় ডেমোক্র্যাটদের আনা বিল আটকে গেল মার্কিন সিনেটে
ভোটাধিকারের সুরক্ষা ও ব্যালটের ওপর ভোটারদের আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের আনা বিল আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে সে সময় ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার কয়েক মাস পর এ-সংক্রান্ত ইস্যুতে আনা বিলের ওপর মঙ্গলবার সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হলো।
বিলটি আটকে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী আইন হালনাগাদের পক্ষে দ্বিদলীয় সমর্থন জোরালো করার বদলে এটির বিপক্ষে অবস্থান নিল বিরোধী রিপাবলিকান পার্টি। খবর এএফপির।
ডেমোক্র্যাটরা একটি পরীক্ষামূলক ভোট হিসেবে ‘ফর দ্য পিপল অ্যাক্ট’ নামে ওই বিল সিনেটে উত্থাপন করেন। ডজনের বেশি অঙ্গরাজ্যে নতুন কঠোর নির্বাচনী আইন কার্যকরে রিপাবলিকানদের বিতর্কিত চেষ্টার জবাবে এ উদ্যোগ নেন ডেমোক্র্যাটরা।
রিপাবলিকানদের বিতর্কিত ওই পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন সমালোচকেরা। তাঁদের ওই পদক্ষেপে ডাকযোগে ভোটদানের ওপর বিধিনিষেধ আরোপ, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটারদের পানি সরবরাহকে অবৈধ কর্মকাণ্ড হিসেবে আখ্যা প্রদান ও আগাম ভোটদানকে সীমিত করার মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
বিলটি হেরে গেলেও তার মানে এ নয় যে, মার্কিন ভোটারদের অধিকার রক্ষার লড়াই শেষ হয়ে গেল। বরং এখন থেকে শুরু হলো এ লড়াই। লড়াইয়ে জিততে আমরা আমাদের সব বিকল্পই গ্রহণ করব। আমাদের সেই বিকল্প আছে।
বিশ্লেষকেরা বলছেন, মার্কিন ভোটাররা যাতে ডাকযোগে ভোট দিতে পারেন, আগাম ভোটদানের পূর্ণ সুযোগ পান ও ব্যালট ড্রপ বক্স ব্যবহার করতে পারেন—এসব নিশ্চিত করাই ছিল ডেমোক্র্যাটদের আনা ঐতিহাসিক বিল ‘এস১’-এর লক্ষ্য।
নির্বাচনী প্রচারণা অর্থায়ন আইনের সংস্কার এবং নির্বাচনে জালিয়াতি বন্ধে এ বিলেরই অপর এক সংস্করণ গত মার্চে প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। তবে সিনেটে উভয় দলের আসন সমান।
মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে-বিপক্ষে ৫০-৫০ ভোট পড়ে। এ বিলের ওপর বিতর্ক শুরু করতে হলেও ৬০ জন সিনেটরের সমর্থন দরকার ছিল।
রিপাবলিকানদের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার। তবে এই ভোটাভুটির মধ্য দিয়ে তিনি নৈতিক বিজয়ের দাবি করেন।
চাক শুমার বলেন, যেখানে সব ডেমোক্র্যাট সদস্য ভোটের অধিকার রক্ষার পক্ষে ভোট দিয়েছেন, সেখানে ভোটারদের নির্যাতন রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক রীতির অংশ হয়ে উঠল।
এ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকানদের পদক্ষেপকে তিনি ‘ভোটার নির্যাতন বন্ধে আনা বিলের ওপর নিপীড়ন’ বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে তিনি এটিকে ‘ভোটাধিকারের ওপর আরেকটি হামলা, দুঃখজনকভাবে যা নজিরবিহীন নয়’ বলেও মন্তব্য করেন।
বিশ্লেষকেরা বলছেন, এস১ বিলটি আটকে দেওয়ার ফলে এ ইস্যু ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন এবং ওই নির্বাচনের পরও এটি এক রাজনৈতিক বিবাদের বিষয় হয়ে রইল বলে ধারণা করা হচ্ছে।
শুমার বলেন, ‘বিলটি হেরে গেলেও তার মানে এ নয় যে, মার্কিন ভোটারদের অধিকার রক্ষার লড়াই শেষ হয়ে গেল। বরং এখন থেকে শুরু হলো এ লড়াই। লড়াইয়ে জিততে আমরা আমাদের সব বিকল্পই গ্রহণ করব। আমাদের সেই বিকল্প আছে।’