ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা
গণ-আন্দোলনে দীর্ঘদিনের নেতা হোসনি মোবারকের পতনের পর অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে মিসরীয়দের উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। তবে দীর্ঘ প্রতীক্ষিত এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে একই সঙ্গে দেখা গেছে উত্তেজনা, শঙ্কা ও কিছুটা বিভ্রান্তি।কিছু এলাকায় উৎসাহের আতিশয্যে ভোট শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রে হাজির হন অনেক ভোটার।রাজধানী কায়রোর দোক্কি এলাকায় গামাল আবদুল নাসের স্কুল কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টা আগেই হাজির হন বেশ কিছু ভোটার। নারীদের সারির একেবারে শুরুর দিকেই ছিলেন রানিয়া মোহাম্মদ (৩৭)। লাইনে দাঁড়িয়েও তিনি কাকে ভোট দেবেন তা ঠিক করতে পারছিলেন না। রানিয়া বলেন, ‘কাকে ভোট দেব তা এখন বলতে চাই না। বুথে ঢুকে সিদ্ধান্ত নেব।’ভোট কাকে দেবেন—একেবারে অন্তিম মুহূর্তে এসেও সে বিষয়ে মনস্থির করতে না পারলেও রানিয়া ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট বাছাইয়ের সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত।পুরুষ ভোটারদের সারিতে দাঁড়ানো ৬৭ বছর বয়সী বৃদ্ধ নাবিল গিরগিসের অবস্থাও অনেকটা রানিয়ার মতো। অনেক ভেবেচিন্তেও কাকে ভোট দেবেন তা ঠিক করতে পারেননি।গিরগিস বলেন, ৬০ বছর ধরে তিনি নির্বাচিত নেতার কথা ভাবেননি। এর কারণ, নির্বাচন-প্রক্রিয়ার ব্যাপারে তাঁর আস্থা ছিল না। গিরগিস বলেন, এটি একটি প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে নতুন যুগের সূচনা হলো। এএফপি।