ভোটারদের মন জয়ে ছুরির নিচে নেতারা
লোকসভা নির্বাচন ঘিরে নেতারা নানা রকমের প্রস্তুতি নিচ্ছেন। পোশাক-আশাক ও সাজসজ্জার গুরুত্বও অনেক। কারণ, ভোটারদের সামনে আকর্ষণীয় চেহারায় হাজির হওয়া চাই তাঁদের। এ জন্য তাঁরা শল্যচিকিৎসকদের (সার্জন) ছুরির নিচে যেতেও পিছপা হচ্ছেন না।
ত্বক বিশেষজ্ঞ ও শল্যচিকিৎসকদের সাহায্য নিয়ে অনেকেই পাল্টে ফেলছেন চেহারার অপ্রিয় কোনো অংশ। তামাকসেবী নেতারা দূর করছেন দাঁতের দাগ। কেউ আবার চুল প্রতিস্থাপন করে ঢাকছেন মাথার টাক। মুম্বাইভিত্তিক কসমেটিক সার্জন মোহন টমাস বলেন, জনগণ এখন নেতাদের মধ্যে তারুণ্য দেখতে চায়। তাঁরাও ব্যাপারটি নিয়ে বেশ সচেতন।
অন্ধ্র প্রদেশের একজন সাংসদ নিজেকে ‘দাদা নয়, নেতা’ হিসেবে উপস্থাপন করতে চান। আর সে জন্য তিনি ‘অমঙ্গলসূচক’ নাক আর মোটা ঘাড় চিকন করার পক্ষে। ডা. টমাসের কাছে তিনি রাইনোপ্লাস্টি ও লিপোস্কাল্পিং নামের চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত এক গভর্নরের ছেলে দেড় লাখ রুপির বিনিময়ে শরীরের চর্বি কমিয়েছেন। আর মহারাষ্ট্রের ২৫ বছর বয়সী এক নারী রাজনীতিক একই ধরনের চিকিৎসা নিয়ে নিজের মেদ কমিয়েছেন।
বলিউড চলচ্চিত্রের বিভিন্ন তারকা ও পশ্চিমা রাজনীতিকদের ছিমছাম অবয়ব দেখে ভারতীয় নেতারা অনুপ্রাণিত হচ্ছেন। ত্বক বিশেষজ্ঞ রেখা শেঠ বলেন, আজকাল মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তারা নেতাদের রুচিশীলভাবে দেখতে চায়। ভাবনাটা এমন, ‘নিজের যত্নই যদি নিতে না পারেন, তাহলে দেশের সেবা কীভাবে করবেন?’ আর তাই চল্লিশোর্ধ্ব অনেক নেতাই এখন চেহারা-সচেতন হয়ে বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।