ভোটের আগে কম্বোডিয়ার বিরোধী দলের নেতাকে রাজার ক্ষমা
কম্বোডিয়ায় ২৮ জুলাই অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে নির্বাসিত বিরোধীদলীয় নেতা সাম রেইনসিকে ক্ষমা করেছেন দেশটির রাজা। দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে গত জুনে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন রেইনসি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাজার ক্ষমার বার্তা তাঁর কাছে পৌঁছায়। মন্ত্রিসভার মুখপাত্র ফে শিফান বলেন, রেইনসির বিরুদ্ধে সব অভিযোগ মিটে গেছে। তিনি এখন মুক্ত মানুষ। তিনি এখন যেকোনো দিন দেশে ফিরতে পারবেন। রেইনসি ফ্রান্স থেকে টেলিফোনে বলেন, বিরোধী দলের নেতাকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এবং নির্বাচনের দিন তাঁকে দেশে থাকার অনুমতি দেওয়ার বিষয়টি গণতন্ত্রের বিজয়ের একটি অংশ। তবে এখনো অনেক কিছু করার বাকি আছে। তিনি বলেন, অল্প কয়েক দিনের মধ্যে দেশে ফিরে তিনি তাঁর দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির প্রার্থীর (সিএনআরপি) পক্ষে প্রচারণায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী ‘লৌহমানব’ হুন সেন দীর্ঘ ২৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন। ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, জাতীয় সমঝোতার স্বার্থে রেইনসিকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ স্বয়ং প্রধানমন্ত্রীই করেছিলেন। ফ্রান্সে নির্বাসিত সাম রেইনসি ১১ বছর কারাদণ্ডের সম্মুখীন। তাঁর বিরুদ্ধে অন্যতম অভিযোগ তিনি ভিয়েতনামের সঙ্গে সীমান্তের একটি ভুয়া মানচিত্র প্রকাশ করেছিলেন। এদিকে কম্বোডিয়ায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে সহযোগিতা বন্ধ করে দিতে ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। হুন সেন হলেন সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের অন্যতম। নানা সমালোচনা সত্ত্বেও বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে গৃহযুদ্ধবিধ্বস্ত দেশটিকে তিনি অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে গেছেন। এএফপি।