ভোটের কাজিয়ায় গান্ধী পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কথার লড়াইয়ে মেতেছে ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সদস্যরা। ইটের বদলে কথার পাটকেল বেশ ভালোই চলছে।

এই কাজিয়ায় জড়িয়ে পড়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও প্রিয়াঙ্কার চাচি মানেকা গান্ধী। চাচাতো ভাই বরুণ গান্ধীর কড়া সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেছেন, ‘বরুণ উচ্ছন্নে গেছেন।’

বরুণের পক্ষ নিয়ে মা মানেকা গান্ধীর ত্বরিত জবাব, ‘দেশের সেবা করাকে যদি মূল থেকে সরে যাওয়া বলা হয়, তাহলে দেশবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে কে সেই মূলধারা থেকে সরে গেছে।’ খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

উত্তর প্রদেশের আমেথি থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। গতকাল শনিবার মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী ও ভগ্নিপতি রবার্ট ভদ্রকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের সহসভাপতি। প্রিয়াঙ্কা জানিয়ে দিয়েছেন গান্ধী পরিবারের রেওয়াজ অনুসারে, পারিবারিক বৃত্তের বাইরে, অর্থাত্ মা ও ভাইয়ের জন্য রায়বেরিলি ও আমেথি ছাড়া অন্য কোথাও কারও জন্য প্রচারে যাবেন না তিনি। আমেথিতে রাহুলের হয়ে প্রচারের মূল দায়িত্ব প্রিয়াঙ্কা তাঁর কাঁধে তুলে নিয়েছেন। আর নিজের ভাইয়ের পক্ষে প্রচার চালাতে গিয়ে উত্তর প্রদেশেরই সুলতানপুর আসন থেকে বিজেপির প্রার্থী চাচাতো ভাই বরুণকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।

কংগ্রেসের কর্মীদের উদ্দেশে আমেথির মুনিশগঞ্জে প্রিয়াঙ্কা বলেন, ‘তিনি অবশ্যই আমার পরিবারের। তিনি আমার ভাই। কিন্তু তিনি উচ্ছন্নে গেছেন। পরিবারের ছোট কেউ যখন বিপথে যায়, বড়রা তখন তাঁকে সঠিক পথ দেখায়। আমার এই ভাইকে সঠিক পথ দেখাতে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কাকে জবাব দেন বরুণের মা মানেকা গান্ধী।

ভারতে গান্ধী পরিবারের সঙ্গে কংগ্রেসের নাম একাকার হয়ে গেছে। তবে এখানে ব্যতিক্রম ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর স্ত্রী /মানেকা গান্ধী ও ছেলে বরুণ গান্ধী। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তাঁরা পরিবারটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৪ সালে মা-ছেলে বিজেপিতে যোগ দেন।

আমেথিতে নারীর ক্ষমতায়নসহ রাহুলের নেওয়া কিছু উদ্যোগের প্রশংসা করেছিলেন বরুণ। দুই সপ্তাহেরও কম সময় আগে করা ওই প্রশংসার জন্য বিজেপির কড়া কথাও শুনতে হয়েছে বরুণকে। তবে বরুণ জানিয়েছেন, তিনি সৌজন্যবোধ জানেন। ভোটের তরি পার হতে তিনি পার্শ্ববর্তী আসনের প্রার্থী চাচাতো ভাই রাহুলকে নিয়ে আপত্তিকর কথা বলতে চান না। রাহুলও চাচাতো ভাইকে নিয়ে এখন পর্যন্ত কিছু বলেননি।

তবে প্রিয়াঙ্কা এবারই প্রথম বরুণের সমালোচনায় মুখর হলেন, তা নয়। এর আগে ২০০৯ সালে যখন বিজেপি বরুণকে গান্ধী পরিবারের সমালোচনা করার জন্যই দায়িত্ব দেয়, তখন তার কড়া জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা। বলেছিলেন, বরুণের উচিত ভগবত্ গীতা পড়া।