ভোটের 'ক্ষেপণাস্ত্র' ভদ্র-আদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ভদ্র, গৌতম আদানি
রবার্ট ভদ্র, গৌতম আদানি

নির্বাচনটা যদি যুদ্ধ হয়, তাহলে প্রতিপক্ষকে ঘায়েল করতে জুতসই অস্ত্র তো লাগবেই। কামানের যুগ তো আর নেই, এখন ক্ষেপণাস্ত্রের সময়। ভারতের এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই পক্ষও হাত করেছে তেমন দুটি শক্তিশালী ‘ক্ষেপণাস্ত্র’।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষেপণাস্ত্রের নাম ‘রবার্ট ভদ্র’। প্রতিপক্ষ কংগ্রেসকে লক্ষ্য করে এই অস্ত্র যখন তারা ছুড়েছে, তখন কংগ্রেসকে পিছু হটতে হচ্ছে। তবে দ্রুত সামলে নিয়ে কংগ্রেস পাল্টা আক্রমণে যাচ্ছে নিজেদের ‘আদানি ক্ষেপণাস্ত্র’ নিয়ে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গান্ধী পরিবারের নাম ভাঙিয়ে জালিয়াতির মাধ্যমে তিনি হরিয়ানা ও রাজস্থান রাজ্যে বিপুল পরিমাণ জমি দখল করেছেন। নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই তাই ‘ভদ্র ইস্যুকে’ অস্ত্র বানিয়ে মাঠে নেমেছে বিজেপি।
গত শনিবার ভদ্রের ভূমি জালিয়াতির অভিযোগের বয়ান দিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। এতে বলা হয়, ভদ্রকে এই জালিয়াতিতে সহযোগিতা করেছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।
বিজেপির নেত্রী উমা ভারতী সম্প্রতি বলেন, ক্ষমতায় এলে গান্ধী পরিবারের জামাইবাবুকে জেলে পাঠানো হবে।
বিজেপির এই ‘ভদ্র অস্ত্রের’ আক্রমণকে প্রথম দিকে তেমন গুরুত্ব দেয়নি কংগ্রেস। কিন্তু উমা ভারতীর ওই হুমকিতেই জ্বলে ওঠে গান্ধী পরিবার। এই অস্ত্রের মোকাবিলায় তারাও একটি জুতসই অস্ত্র হাত করেছে—‘আদানি’।
ভারতের অন্যতম শিল্প গ্রুপ আদানি। মহারাষ্ট্রভিত্তিক এই শিল্প গ্রুপের মালিক গৌতম আদানি। কৃষিভিত্তিক ব্যবসাও আছে তাঁর। কংগ্রেস অভিযোগ তুলেছে, হাজার হাজার একর জমি পেতে আদানি গ্রুপকে অবৈধ সহযোগিতা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ এপ্রিল মহরাষ্ট্রের লাটপুরে এক জনসভায় রাহুল গান্ধী বলেন, মাত্র ৩০০ কোটি রুপি দাম দিয়ে আওরঙ্গবাদে ৪৫ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এটা ‘মিঠাই মডেল’, গুজরাট মডেল নয়। এক রুপি দিলে একটি মিঠাই পাওয়া যায়। সেখানে এক বর্গমিটার জমি কেনা হয়েছে মাত্র এক রুপি দিয়ে।
বিজেপিতে আদভানির মতো জ্যেষ্ঠ নেতাদের মোদি কীভাবে দূরে সরিয়ে দিয়েছেন, সেই খোঁচা দিয়ে রাহুল আরও বলেন, আদভানি আউট, আদানি ইন।
বিজেপি-কংগ্রেস দুই শিবির থেকে ভদ্র-আদানি ক্ষেপণাস্ত্রের লড়াইটা দিন দিন আরও জোরদার হচ্ছে। দুই অস্ত্রের কোনটা বেশি বিধ্বংসী, তা বোঝা যাবে আগামী ১৬ মে। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।