ভোপালে এক মঞ্চে আদভানি ও মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে গতকাল বুধবার বিশাল সমাবেশ করে দলীয় ঐক্য দেখিয়েছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোপালের জাম্বুরি পার্কে আয়োজিত ওই সমাবেশের মঞ্চে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, গুজরাটের মুখ্যমন্ত্রী ও দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি, লোকসভায় বিজেপির নেতা সুষমা স্বরাজ প্রমুখ। গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষিত হওয়ার পর এই প্রথম এক মঞ্চে উঠলেন তাঁরা।
আদভানি ও সুষমা মোদিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার বিরোধী ছিলেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদির নাম ঘোষণার পর তাই দলে বিভেদ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকে।
সমাবেশে আদভানি তাঁর ভাষণে নরেন্দ্র মোদির প্রশংসা করেন। তিনি বক্তৃতায় মোদিকে ‘নরেন্দ্র ভাই’ বলে সম্বোধন করেন। আদভানি মঞ্চে এলে তাঁর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন মোদি। এ সময় আদভানি তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।