ভোপালে সাতজনকে কারাদণ্ড পরে জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে রাসায়নিক কারখানায় দুর্ঘটনার মামলায় স্থানীয় একটি আদালত গতকাল সোমবার আটজনকে দোষী সাব্যস্ত করেছেন। ‘অবহেলায় মৃত্যু’র অভিযোগে সাতজনকে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে তারা গতকালই জামিনে মুক্তি পান। ওই দুর্ঘটনার ২৫ বছরের বেশি সময় পর এই রায় ঘোষণা করা হলো।ভোপালে তৎকালীন ইউনিয়ন কার্বাইড কারখানার এই দুর্ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় শিল্পকারখানা দুর্ঘটনা। ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ওই দুর্ঘটনা ঘটে। এতে বেসরকারি হিসেবে ১৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।দোষীদের মধ্যে রয়েছেন, ইউনিয়ন কার্বাইড কোম্পানির তৎকালীন চেয়ারম্যান কেশব মহেন্দ্র, ব্যবস্থাপনা পরিচালক বিজয় গোখলে, ভাইস প্রেসিডেন্ট কিশোর কামদার, কারখানা ব্যবস্থাপক জে মুকুন্দ, উৎপাদন ব্যবস্থাপক এস পি চৌধুরী, কারখানা পরিদর্শক কে ভি শেট্টি ও উৎপাদন সহকারী এস আই কুরেশি। এ ছাড়া আরেক আসামি ওই কোম্পানির তৎকালীন সহকারী কারখানা ব্যবস্থাপক আর বি রায় চৌধুরী বিচার চলার সময় মারা যান। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্রুত দণ্ড ঘোষণা করা হতে পারে।১৯৮৭ সালে এই মামলার বিচার কাজ শুরু হয়। ভারতীয় তদন্ত সংস্থা সিবিআই ১২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ‘শাস্তিযোগ্য নরহত্যা, কিন্তু খুন নয়’। ওই ধরনের অপরাধের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু ১৯৯৬ সালে ভারতের সুপ্রিম কোর্ট অভিযোগ কমিয়ে ‘অবহেলায় মৃত্যু’তে নির্ধারণ করেন। এর সাজা দুই বছর পর্যন্ত কারাদণ্ড।ওই দুর্ঘটনার পর ইউনিয়ন কার্বাইড কোম্পানি ভারত সরকারকে ক্ষতিপূরণ হিসেবে ৪৭ কোটি ডলার দেয়। ১৯৯৯ সালে কোম্পানিটি কিনে নেয় ডাও কেমিক্যাল নামের আরেকটি কোম্পানি। বিবিসি, এএফপি।