ভোল পাল্টালেন আন্না হাজারে
মমতা ব্যানার্জিকে পছন্দ করলেও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা কখনো বলেননি বলে দাবি করেছেন প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারে। তিনি বলেছেন, দেশের কোনো রাজনীতিকই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। এই পদে এমন একজনের বসা উচিত যিনি অরাজনৈতিক ব্যক্তি।
গত বুধবার দিল্লির রামলীলা ময়দানের জনসভায় যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজ শুক্রবার আন্না হাজারে এসব কথা বলেন। ওই জনসভায় মমতার সঙ্গে আন্নারও যাওয়ার কথা ছিল। সে জন্যই আন্না দিল্লি গিয়েছিলেন। কিন্তু মমতা জনসভায় গেলেও আন্না যাননি।
আন্না আজ এ কথা বললেও গত ফেব্রুয়ারি মাসে তিনি যখন মমতার দিল্লির বাড়িতে যান, তখন এবং তারপর যৌথ সংবাদ সম্মেলনে তৃণমূল দলের হয়ে প্রচারে যাবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। এ কথাও বলেছিলেন, একমাত্র মমতাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।
কেন দিল্লি এসেও জনসভায় গেলেন না, আন্না তা বিস্তারে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমাকে ঠকানো হয়েছে। আমায় বলা হয়েছিল, এটা মমতার ডাকা জনসভা। আবার মমতাকে বলা হয়েছে, ওটা ছিল আমার জনসভা। বেলা ১১টা থেকে আমি অপেক্ষা করেছি। কিন্তু দুটোর সময় দেখলাম, মাত্র চার হাজারের মতো লোক সভায় এসেছে।’ আন্না বলেন, ‘এই ময়দানে টানা ১২দিন আমি অনশন করেছি। সেই সময় যে ময়দান কানায় কানায় পূর্ণ থাকত, সেখানে হাজার চারেকের মতো লোক হাজির! এত সামান্য মানুষের সামনে গিয়ে দাঁড়াতে চাইনি।’ আন্না বলেন, ‘আমাকে ঠকিয়েছেন সাংবাদিক সন্তোষ ভারতী।’ এই সাংবাদিক আন্না ও মমতার মাঝে সেতুবন্ধনের কাজ করেছিলেন। তবে ঠকানোর কথা বললেও আন্না যে মমতার পাশ থেকে অনেকটাই সরে এসেছেন, আজ নিজেই তা যথেষ্ট স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ‘মমতার প্রতি আমি শ্রদ্ধাশীল। তাঁকে সমর্থনের কথা আমি আগে জানিয়েছিলাম। কিন্তু কখনো বলিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে সমর্থন করব।’ তিনি বলেন, ‘আমি মনে করি কোনো রাজনৈতিক নেতাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। প্রধানমন্ত্রী হওয়া উচিত কোনো অরাজনৈতিক ব্যক্তিত্বের।’
এক মাস আগেই প্রধানমন্ত্রী পদে মমতা যোগ্য বলে মন্তব্য করেন আন্না হাজারে। আর হঠাত্ এ রকম ১৮০ ডিগ্রি ঘুরে আগের বলা কথা অস্বীকার করছেন কেন, তা নিয়ে গবেষণা থেমে নেই। এর দুটি ব্যাখ্যা উঠে আসছে। একটি হলো, তাঁর অনুগামীদের একটা বড় অংশ চায় না তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাখামাখি করুন। বিশেষ করে সেই দলের সঙ্গে, যাদের বিরুদ্ধে চিট ফান্ডের মালিকদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। দ্বিতীয় ব্যাখ্যা, তিনি তৃণমূল কংগ্রেসকে প্রাধান্য দিন, এটা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যেমন চায় না, তেমন কংগ্রেসও চায় না। বিজেপি চায় না কারণ, আন্নার প্রশ্রয়ে তৃণমূল কংগ্রেস উত্তর ভারতে যেটুকু ভোট পাবে তা আসবে কংগ্রেস বিরোধিতার ভোট থেকে। এতে বিজেপির লোকসান হবে, কারণ, সেই ভোট বিজেপির ঝুলিতে আসত। আর, কংগ্রেস চায় না কারণ আন্না তৃণমূলকে সমর্থন দিলে তাতে আম আদমি পার্টির (এএপি) ক্ষতি। কংগ্রেস মনে করছে, এএপি কম ভোট পেলে তা বিজেপিকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে।
তবে এ বিষয়ে সন্দেহ নেই, আন্নার এই আচরণ তৃণমূলের বিপক্ষে যেমন গেছে, তেমনি তাঁর সুনামের পক্ষেও হানিকর হয়েছে।