ভ্যাকসিন পেতে আর কত দেরি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বসাধারণের জন্য ভ্যাকসিন পেতে এখনো দেরি হলেও স্বাস্থ্যকর্মীদের মতো উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিন পেতে বেশি অপেক্ষা করতে হবে না। ছবি: রয়টার্স
সর্বসাধারণের জন্য ভ্যাকসিন পেতে এখনো দেরি হলেও স্বাস্থ্যকর্মীদের মতো উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের জন্য পরীক্ষামূলক ভ্যাকসিন পেতে বেশি অপেক্ষা করতে হবে না। ছবি: রয়টার্স

নতুন করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি পেতে সারা বিশ্বের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি কার্যকর ভ্যাকসিনের জন্য। দেশে দেশে বিজ্ঞানীরা এ নিয়ে জোর গবেষণা চালাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিন্তু একটি কার্যকর ভ্যাকসিন হাতে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

শুরুতেই বিজ্ঞানীরা এটা নিশ্চিত করেছিলেন যে, এ ধরনের একটি ভ্যাকসিন পেতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। তবে এখন আরেকটি আশার আলো দেখা যাচ্ছে। আর তা হলো, এর আগেই হয়তো এমন কোনো ভ্যাকসিনের দেখা মিলবে, যা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের বাঁচাতে ব্যবহার করা যাবে। তবে সর্বস্তরে ব্যবহারের জন্য একটি কার্যকর ভ্যাকসিন পেতে অনেক দিন অপেক্ষা করতে হবে, যার কথা শুরুতেই বিজ্ঞানীরা বলেছিলেন।

মোদ্দা কথা হচ্ছে, যদি প্রশ্ন করা হয় ভ্যাকসিন কবে নাগাদ পাওয়া যাবে, তবে এর উত্তর হচ্ছে ১২ থেকে ১৮ মাসের আগে নয়। যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স ও যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বারবার এই একই কথা বলছেন। যদিও ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন এমন কয়েকজন বিজ্ঞানী আশা প্রকাশ করেছেন যে, আগামী জুনের মধ্যেই একটা সুখবর তাঁরা দিতে পারবেন। এ দুই দলের কোন দলটি সত্য বলছে? উত্তর—উভয়েই হয়তো।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথের প্রেসিডেন্ট ও সিইও ম্যারিয়ন ওয়েন্টওর্থ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ভ্যাকসিন বলতে আপনি কী বুঝছেন, তার ওপর এ প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভরশীল। যদি আপনি ভ্যাকসিন হিসেবে এমন কিছুকে চান, যা সবার ওপর প্রয়োগ করা যাবে, তবে তা পেতে ১২ থেকে ১৮ মাস অপেক্ষা করতে হবে। কিন্তু পরীক্ষামূলক পর্যায়ে বিশেষত স্বাস্থ্যকর্মীদের মতো যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জন্য একটি নিরাপদ ভ্যাকসিন পেতে কয়েক সপ্তাহ বা মাসের বেশি আমাদের অপেক্ষা করতে হবে না।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদ্রিয়ান হিল গার্ডিয়ানকে জানান, তাঁর দলের তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন এই গ্রীষ্মেই প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এই প্রস্তুতিটা হচ্ছে ম্যারিয়ন ওয়েন্টওর্থ উল্লিখিত পর্যায়ের। সর্বশেষ ইবোলা সংক্রমণের পর্যায়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য পরীক্ষামূলক পর্যায়েই ভ্যাকসিন উন্মুক্ত করা হয়েছিল। এবারও তেমন হতে পারে।

সাধারণত একটি ভ্যাকসিন শুরুতে পরীক্ষাগারে তৈরির পর সেখানেই প্রাথমিক পরীক্ষাটি করা হয়। পরে তা প্রাণী দেহে প্রয়োগ করা হয়। সেখানে কার্যকর ও নিরাপদ প্রমাণিত হলে তা ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে প্রবেশ করে, যেখানে এটি মানুষের ওপর প্রয়োগ করা হয়। এই ক্লিনিক্যাল ট্রায়ালটি আবার তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে ছোট একটি দলের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। এই পর্যায়েই মূলত এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ নানা বিষয় পর্যবেক্ষণ করা হয়। নতুন করোনাভাইরাসের মতো মহামারির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পর্যায়েই এর নিরাপদ ব্যবহারসহ, উৎপাদন প্রক্রিয়া, নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় অন্য ধাপগুলো সম্পন্ন করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটির নেতৃত্বে থাকা সারাহ গিলবার্ট জানান, তাঁদের তৈরি করা ভ্যাকসিনটি বর্তমানে তৃতীয় পর্যায়ে রয়েছে। তারপরও এটি সেপ্টেম্বরের আগে হাতে আসার তেমন সম্ভাবনা নেই।

ভ্যাকসিন তৈরির কাজ বেশ জোর গতিতে এগোচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে কয়েকটি। সব মিলিয়ে খুব দ্রুতই মানুষ এই ভাইরাস থেকে মুক্তির পথ খুঁজে পাবে বলে আশা করা যায়।