ভ্যাটিকানে ফিরলেন সাবেক পোপ
পদত্যাগের দুই মাস পর গতকাল বৃহস্পতিবার ভ্যাটিকানে ফিরেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। এখানে তিনি তাঁর আগের বাসস্থানে থাকবেন। বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে সাবেক ও বর্তমান পোপের এভাবে একসঙ্গে বসবাসের ঘটনা নজিরবিহীন।ভ্যাটিকানে ৮৬ বছর বয়সী ষোড়শ বেনেডিক্টের (পোপ ইমেরিটাস) এই ফেরা ছিল অনাড়ম্বর। ভ্যাটিকানে ফিরে আসার আগে গত মার্চে বেনেডিক্ট জনসমক্ষে সর্বশেষ দেখা দেন। সে সময় তাঁকে খুবই জীর্ণশীর্ণ দেখাচ্ছিল। পদত্যাগের পর বেনেডিক্ট ‘জনমানুষের অন্তরালে’ থাকবেন বলে তখন জানিয়েছিলেন।বেনেডিক্ট স্থানীয় সময় গত বুধবার রাত সাড়ে আটটার দিকে হেলিকপ্টারে করে ইতালির রাজধানী রোমের বাইরে তাঁর বাসভবন ক্যাসল গ্যানডলফো ছেড়ে ভ্যাটিকানে আসেন। ফেব্রুয়ারির শেষ দিকে পদত্যাগের পর তিনি এই বাসভবনে উঠেছিলেন।ভ্যাটিকানে সাবেক পোপ বেনেডিক্টকে স্বাগত জানান তাঁর উত্তরসূরি ও বতর্মান পোপ ফ্রান্সিস। তাঁরা একসঙ্গে প্রার্থনাও করেন। ইতিপূর্বে পোপ ফ্রান্সিস তাঁর প্রতি একাধিকবার বন্ধুত্বের বার্তা পৌঁছান। বেনেডিক্টের বাসভবন ক্যাসল গ্যানডলফোতে পোপ ফ্রান্সিস তাঁকে দেখতে যান। ফ্রান্সিস তাঁর জন্মদিনে তাঁকে আমন্ত্রণ জানান। এ ছাড়া বেনেডিক্টের সম্মানে তিনি নৈশভোজেরও আয়োজন করেন।ভ্যাটিকানে একই সঙ্গে বেনেডিক্ট ও ফ্রান্সিসকে বসবাস করতে দেওয়ার অনন্য এই সিদ্ধান্ত কারও কারও মধ্যে দারুণ বিস্ময়ের সৃষ্টি করেছে। সমালোচকদের আশঙ্কা, ভ্যাটিকানে বেনেডিক্টের উপস্থিতি পোপ ফ্রান্সিসের কাজকে আরও কঠিন করে তুলতে পারে। এএফপি।