ভ্রূণের জিনগত পরিবর্তনের অনুমতি দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবভ্রূণের জিনগত পরিবর্তন করার ব্যাপারে বিতর্ক থাকলেও একদল বিশেষজ্ঞ গত বুধবার বলেছেন, আদি ভ্রূণগুলো সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জনের স্বার্থেই এ ধরনের গবেষণার অনুমতি দেওয়া উচিত। তাঁরা এও বলেছেন, এভাবে মানবশিশুর জন্ম দেওয়ার অনুমতি এখনই দেওয়া উচিত নয়। খবর রয়টার্স ও বিবিসির।
ওই বিশেষজ্ঞ দলের সদস্যদের কেউ স্টেম সেল গবেষক, কেউ জৈব গবেষণাবিষয়ক নৈতিকতা নিয়ে কাজ করেন। আবার কেউ নীতি প্রণয়ন বিশেষজ্ঞ। তাঁরা হিংক্সটন গ্রুপ নামে পরিচিত একটি বৈশ্বিক পরিষদের সঙ্গে যুক্ত। যুক্তরাজ্যে গত সপ্তাহে তাঁদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
হিংক্সটন গ্রুপের এক বিবৃতিতে বলা হয়, জিনগতভাবে পরিবর্তিত মানবশিশু জন্ম দেওয়ার লক্ষ্যে গবেষণার অনুমতি তাঁরা এখনই চান না। তবে যখন সব ধরনের সুরক্ষা, ফলপ্রসূতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে, তখন হয়তো মানুষের প্রজননের এই প্রযুক্তি নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে। অবশ্য এ ব্যাপারে আরও সারগর্ভ আলোচনা ও বিতর্ক হওয়া দরকার।
ভ্রূণের জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে অনেক অসুখের চিকিৎসা গবেষণায় অগ্রগতি হতে পারে। হিংক্সটন গ্রুপের সদস্য রবিন লভেল-ব্যাজ বলেন, আদি ভ্রূণে কীভাবে কোষের প্রকারভেদ সুনির্দিষ্ট হয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন জিনের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনের জন্য জিনোম-এডিটিং ব্যবহার করা যেতে পারে।