ভ্রূণের বৃদ্ধির সঙ্গে গর্ভপাতের ঝুঁকির সম্পর্ক রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভাবস্থার প্রথম দিকে ভ্রূণের বৃদ্ধির গতির সঙ্গে গর্ভপাতের ঝুঁকির সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ কথা বলা হয়েছে।লিডসে ব্রিটিশ ফার্টিলিটি সোসাইটির বার্ষিক সম্মেলনে গবেষণাটির ফল উপস্থাপন করা হয়। এতে দেখা গেছে, একক বাচ্চার (জমজ নয়) গর্ভধারণের ক্ষেত্রে যেসব গর্ভপাত হয়েছে তার ৭৮ শতাংশই ঘটেছে সবচেয়ে ক্ষুদ্র আকারের পাঁচ শতাংশ ভ্রূণের ক্ষেত্রে।একজন বিশেষজ্ঞ বলেছেন, এ গবেষণা গর্ভপাতের ঝুঁকি সম্পর্কে বর্তমান ধারণা আরও সমৃদ্ধ করবে।নটিংহ্যামের ওই গবেষকেরা গর্ভধারণের প্রথম তিন মাসে পাঁচ শতাধিক এক বাচ্চা ও যমজ ভ্রূণের দৈর্ঘ্যের মাপ নেন। তাঁরা আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করা ২৪৭টি একক বাচ্চা ও ২৬৪টি যমজের ভ্রূণের বৃদ্ধি পর্যবেক্ষণ করেন। গবেষকেরা প্রতিটি ভ্রূণের মাপ নিয়ে শিশুর জন্ম পর্যন্ত গর্ভধারণের বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরিমাপগুলো বিশ্লেষণ করে তাঁরা আবিষ্কার করেন যে, গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহে ভ্রূণের দুর্বল বৃদ্ধি গর্ভপাতের একটা ভালো পূর্বাভাস হিসেবে কাজ করে।তবে এক বাচ্চার ক্ষেত্রে বিষয়টি যতটা কার্যকর যমজের ক্ষেত্রে ততটা নয়। গবেষণায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক শ্যামলী সুর বলেন, এ গবেষণার ফলাফল গর্ভপাতের ঝুঁকি চিহ্নিত করতে সহায়তা করবে। তিনি বলেন, ভ্রূণের অস্বাভাবিকতা বা জরায়ুর পরিবেশের মতো বিভিন্ন কারণে গর্ভাবস্থার শুরুর দিকে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। তবে ভ্রূণের বৃদ্ধি ও গর্ভপাতের মধ্যে সম্পর্কের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে গবেষণা চালিয়ে যাওয়া প্রয়োজন। শ্যামলী সুর বলেন, তাঁরা এখন জরায়ুর আস্তরণে রক্তের প্রবাহ এবং ভ্রূণের মান কীভাবে গর্ভসঞ্চার ও পরবর্তী সময়ে গর্ভপাতের হারকে প্রভাবিত করে তা খতিয়ে দেখবেন।এ গবেষণায় আরও দেখা গেছে, যমজ ভ্রূণ প্রথম তিন মাসে এক বাচ্চার ভ্রূণের সমান গতিতেই বাড়ে। বিজ্ঞানীদের কাছে এটি ছিল অপ্রত্যাশিত। বিবিসি।