ভয়ভীতি দেখানো থেকে পশ্চিমাদের সরে আসা উচিত: আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তাঁর দেশকে ভয়ভীতি দেখানোর প্রক্রিয়া থেকে পশ্চিমাদের সরে আসা উচিত। তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহর থেকে সমপ্রচারিত টেলিভিশন ভাষণে গতকাল রোববার তিনি এ মন্তব্য করেন।ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা অবরোধ ইরানের ওপর কেবল ‘মনস্তাত্ত্বিক’ প্রভাব ফেলা ছাড়া আর কিছুই করতে পারছে না বলে দাবি করেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। স্বভাবসুলভ আক্রমণাত্মক ভাষায় তিনি পশ্চিমাদের উদ্দেশে বলেন, ‘ইরানিরা তোমাদের বোমা, রণতরী ও যুদ্ধবিমানের ভয় করে না। ইচ্ছানুযায়ী বেছে নেওয়ার যেসব সুযোগ তোমাদের হাতে রয়েছে বলে দাবি করো, সেসব পচে যাক। তোমরা নিজেরাও পচবে।’যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর নম্রভাবে কথা বলা, অন্য দেশের অধিকারকে সম্মান করা উচিত বলে উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, অস্ত্রশস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার পরিবর্তে পশ্চিমারা অন্যান্য দেশকে সাহায্য করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরুর ব্যাপারে ইরান ও পশ্চিমাদের প্রস্তুতিকালে এই বক্তব্য দিলেন আহমাদিনেজাদ। জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র ও জার্মানি ইরানের সঙ্গে ওই সংলাপে বসবে।পশ্চিমাদের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। এএফপি।