উত্তর কোরিয়ার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী খরা দেখা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ভয়াবহ এই খরার ফলে দেশটিতে চলমান খাদ্যসংকট আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কেসিএনএর খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় গত এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই সামান্য। দেশটিতে চলতি মাসের শেষ পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করলে এটাই হবে পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দেশটির বিপদগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য শ্রমিক ও সরকারি চাকরিজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে রডং সিনমুন সংবাদপত্র। খরার বিরুদ্ধে লড়াইকে সময়ের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে পত্রিকাটি জানায়, প্রধান শস্য ধানসহ অন্যান্য ফসলের আবাদে মারাত্মক বিঘ্ন ঘটেছে। এ ছাড়া বার্লি ও আলুর মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে।দারিদ্র্যপীড়িত কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ায় দীর্ঘকাল ধরেই খাদ্যসংকট চলছে। তার ওপর বারবার বন্যা, অনাবৃষ্টি ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়। নব্বইয়ের দশকের মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত দেশটি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। সেই সময় বিপর্যস্ত অর্থনীতির দেশটিতে সরকারি খাদ্য বিরতণব্যবস্থা ভেঙে পড়ে। সরকারি কোনো হিসাব না থাকলেও ওই দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ ওঠার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক খাদ্য-সহায়তা কমিয়ে দেওয়া হয়। কমিউনিস্টশাসিত দেশটি ১৩ এপ্রিল সর্বশেষ রকেট উৎক্ষেপণ করে। এরপর দেশটিতে দুই লাখ ৪০ হাজার টন খাদ্য সরবরাহের পরিকল্পনা বাতিল করে যুক্তরাষ্ট্র। এতে উত্তর কোরিয়ায় প্রায় ২০ লাখ শিশু অনাহারে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।