মউ মউ নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সরকার কেনিয়ার গত শতাব্দীর মউ মউ বিদ্রোহের সময় নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করবে। এ ছাড়া কয়েক হাজার নির্যাতিত কেনীয়কে ক্ষতিপূরণ দেওয়া হবে। পঞ্চাশের দশকের ওই ঘটনার সময় কেনিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল।পঞ্চাশ হাজারের বেশি কেনীয় দাবি করেছেন, তাঁরা বিদ্রোহের সময় ব্রিটিশ প্রশাসনের নির্যাতনের শিকার হয়েছেন। বিদ্রোহীরা ভূমির অধিকার পাওয়া ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের দাবিতে আন্দোলন করেছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ সেই গেরিলা লড়াই দমন করে।নির্যাতিত কেনীয়রা বেশ কয়েক বছর ধরে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন ও আইনি লড়াই করে আসছিলেন।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পার্লামেন্টে এ বিষয়ে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়ার সময় ‘আন্তরিকভাবে দুঃখ প্রকাশ’ করবেন। মোট দুই কোটি ডলারের মতো ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্রিটিশ সরকারের যুক্তি, ঔপনিবেশিক সরকারের কর্মকাণ্ডের দায় ১৯৬৩ সালে স্বাধীন হওয়া কেনিয়ার ওপর বর্তেছিল। এ জন্য এত দিন পর যুক্তরাজ্যকে দায়ী করা যাবে না। কিন্তু গত অক্টোবরে আদালত বলেন, ক্ষতিগ্রস্ত বলে দাবিদার ব্যক্তিদের পক্ষে যুক্তি আছে এবং দীর্ঘদিন পরও এ মামলা চলতে পারে। বিবিসি।