ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদি ও তাঁর দলের তাকফিরি মতাদর্শ ইসলামি সমাজ প্রতিষ্ঠায় ‘সহিংসতার ব্যবহারকে উৎসাহিত করে’। আর ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের আদর্শিক গুরু সাইয়িদ কুতুব তাঁর কাছ থেকেই গ্রহণ করেন এ মতাদর্শ। মিসরের ইসলামপন্থী সংগঠন ব্রাদারহুডের রাজনীতি যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ ও মূল্যবোধের বিরোধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ব্রাদারহুডের আদর্শ এবং দেশ-বিদেশে এর কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে তৈরি করা ব্রিটিশ সরকারের এক প্রতিবেদনে এসব মন্তব্য করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে ব্রাদারহুডের বিষয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর বেশির ভাগ অংশই গোপনীয় বিবেচনায় প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাত্ত্বিক গুরু মাওলানা আবুল আলা মওদুদি। ভারত ভাগের পর মাওলানা মওদুদি পাকিস্তান চলে যান এবং জামায়াতে ইসলামী, পাকিস্তান নামে দল গঠন করেন। একাত্তরে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ওই দলটি ইসলামিক ডেমোক্রেটিক লীগ, পরে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গত ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ক্যামেরন এ প্রতিবেদনের কিছু অংশ যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রকাশ করেন। তিনি ব্রাদারহুডকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষণা না করলেও বলেছেন, এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন ‘উগ্রবাদী’ হিসেবে চিহ্নিত হবে এবং যুক্তরাজ্য এদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করবে।
প্রতিবেদনটিকে স্পর্শকাতর উল্লেখ করে ক্যামেরন আরও বলেন, যুক্তরাজ্যে ব্রাদারহুডের কার্যক্রম পর্যালোচনা অব্যাহত থাকবে। সেই সঙ্গে দাতব্য সংগঠনগুলোর ওপর বাড়তি নজরদারি করা হবে।
তবে প্রতিবেদনের প্রকাশিত অংশে জামায়াতে ইসলামী সম্পর্কে কোনো সুপারিশ নেই।
সৌদি আরবে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক দূত স্যার জন জেনকিন্স এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক চার্লস ফার প্রতিবেদনটি তৈরি করেন। ২০১৪ সালের জুলাই মাসে এটি প্রকাশের কথা ছিল। প্রকাশ বিলম্বিত হওয়ার কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, মিসরকে একটি শরিয়াহভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়তে হাসান আল বান্না ১৯২৮ সালে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। দলীয় ঐক্য আর কঠোর শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে এর নেতা-কর্মীরা গোপনে শিক্ষা প্রচার ও সদস্য সংগ্রহের মাধ্যমে নিজেদের আদর্শ প্রতিষ্ঠার কৌশল নেন। ধীরে ধীরে সংগঠনটির দৃষ্টি মিসরের বাইরে বিভিন্ন মুসলিম দেশের ওপর পড়ে। রাজনৈতিক সংঘাত বিদ্যমান এমন দেশগুলোর পরিস্থিতি মোকাবিলা করা নিয়ে দোটানায় পড়ে ব্রাদারহুড। সমাধান হিসেবে ১৯৪০-এর দশকে সংগঠনটির আদর্শিক গুরু সাইয়িদ কুতুব ভারতবর্ষে মাওলানা আবুল আলা মওদুদির প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর তাকফিরি মতাদর্শকে গ্রহণ করেন।
তাকফিরি মতাদর্শ ব্যাখ্যা করে ব্রিটিশ প্রতিবেদনে দাবি করা হয়, ‘এটি জামায়াত ছাড়া অন্য মুসলিমদের অবিশ্বাসী বা ধর্মত্যাগী বলে কলঙ্ক লেপন করে। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থাকে অনৈসলামিক ঘোষণা করে এবং পছন্দের সমাজ গড়তে সংঘাতের আশ্রয় নেয়।’ এতে বলা হয়, তাকফিরি মতাদর্শ গ্রহণের পর বিভিন্ন সময়ে সংঘাত ও রাজনৈতিক হত্যাকাণ্ডে ব্রাদারহুডের জড়িত হওয়ার নজির রয়েছে।
যুক্তরাজ্যে ব্রাদারহুডের রাজনৈতিক অস্তিত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়, এর সহযোগী বিভিন্ন সংগঠন দক্ষিণ এশিয়ার সমমনা রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে; যারা মূলত আবুল আলা মওদুদির দর্শন প্রচার ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করে। সংগঠনগুলো নিজেদের একটি একক ইসলামি আন্দোলন হিসেবে গণ্য করে। ব্রাদারহুডের সহযোগী বিভিন্ন সংগঠন ও জামায়াতে ইসলামী যুক্তরাজ্যে সক্রিয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ইউকে ইসলামিক মিশনের (ইউকেএমআই) অধীনে দেশটিতে প্রায় ৫০টি মসজিদ পরিচালনা করছে তারা। ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের ট্রাস্টিরা ইসলামিক ফোরাম অব ইউরোপের (আইএফই) সদস্য। স্থানীয় রাজনীতি, বিশেষত বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সক্রিয় আইএফই। এসব সংগঠনের পাশাপাশি মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি), মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন (এমএবি) ও ইসলামিক সোসাইটি অব ব্রিটেনের (আইএসবি) মতো সংগঠনগুলোর শিকড় ব্রাদারহুডের সঙ্গে যুক্ত।
ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত কোনো কোনো সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, কোনো কোনো সংগঠন আবার যুক্তরাজ্যে শরিয়াহ আইন চালুর লক্ষ্যে কাজ করছে। ব্রাদারহুড সরাসরি সন্ত্রাসবাদে যুক্ত না থাকলেও সংগঠনটি ইসরায়েলের ওপর হামাসের হামলা, আত্মঘাতী হামলা ও পশ্চিমা স্বার্থের ওপর আঘাতের ঘটনায় কখনো নিন্দা জানায়নি। আর এমসিবিসহ এর সহযোগী সংগঠনগুলো উগ্রবাদ দমনে ব্রিটিশ সরকারের নেওয়া সব পদক্ষেপের বিরোধিতা করে। সংগঠনগুলো বিভিন্ন দাতব্য সংস্থার নামে সন্ত্রাসবাদে অর্থায়নও করছে।
বিষয়টি নিয়ে প্রথম আলোর প্রশ্নের জবাবে অভিযোগ অস্বীকার করে ইস্ট লন্ডন মসজিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নানাভাবে ত্রুটিপূর্ণ এ প্রতিবেদনে ঢালাওভাবে উগ্রবাদের সঙ্গে এ মসজিদকে জড়ানো হয়েছে। শতাধিক বছরের পুরোনো মসজিদটি ইউরোপের অন্যতম বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান। এটি পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে যুক্তরাজ্যের আইনকানুন মেনে পরিচালিত। জামায়াতে ইসলামী, আবুল আলা মওদুদি, যুক্তরাজ্য বা এর বাইরের কোনো দল বা ব্যক্তিবিশেষের মতাদর্শে এটি নিয়ন্ত্রিত নয়। মসজিদ কর্তৃপক্ষ আরও বলে, বিভিন্ন দেশের সব মতাদর্শের খ্যাতনামা ইসলামবেত্তারা এখানে নিয়মিত খুতবা প্রদান ও অন্যান্য আলোচনায় বক্তব্য দিয়ে থাকেন। আইএফই একটি স্বাধীন ইসলামি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং এটি জামায়াতে ইসলামীর ইউরোপীয় চ্যাপ্টার নয়।
এমসিবিও পৃথক একটি বিবৃতিতে প্রতিবেদনের অভিযোগকে ঢালাও ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনটি সম্পর্কে আমরা এখনো কিছু জানি না।’