ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গল গ্রহে তাঁর দেশের অভিযান পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার ভারতের ৬৬তম স্বাধীনতা দিবসে দিল্লির রেডফোর্টে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।মনমোহন বলেন, ‘মঙ্গল প্রদক্ষিণ অভিযানের বিষয়টি সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই অভিযানে আমাদের মহাকাশযান মঙ্গল গ্রহের খুব কাছে গিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে।’ তিনি বলেন, ‘এই অভিযান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের এক বিরাট পদক্ষেপ।’যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও চীনের পর ভারতই হচ্ছে ষষ্ঠ দেশ, যে মঙ্গলে অভিযান চালাচ্ছে।ভাষণে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতির জন্য রাজনৈতিক ঐকমত্যের অভাবকে দায়ী করেন মনমোহন। তিনি বলেন, তাঁর সরকার আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চায় এবং এ ক্ষেত্রে বর্তমান বিভিন্ন শর্ত সংশোধন করা হবে।ভারতে গত এক দশকে প্রায় দুই অঙ্কের কাছাকাছি পৌঁছানো অর্থনৈতিক প্রবৃদ্ধি গত জানুয়ারি-মার্চে ৫ দশমিক ৩ শতাংশে নেমে গেছে। এই অবস্থায় অর্থনীতি চাঙা করতে মনমোহন বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ‘সব ধরনের উদ্যোগ’ নেবেন। মনমোহন বলেন, অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট নিরসনে ভারতকে সব ধরনের উদ্যোগ নিতে হবে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদেশি বিনিয়োগ গত এপ্রিল-জুন সময়ের মধ্যে আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ কমেছে। এএফপি।