মঙ্গলগ্রহ অভিযানে এবার নারীরাও থাকবেন
চাঁদের বুকে মানুষের পায়ের চিহ্ন প্রথম এঁকে দিয়েছিলেন পুরুষ অভিযাত্রীরা। হয়তো একদিন মঙ্গলগ্রহের বুকেও হেঁটে বেড়াবেন তাঁরা। তবে মঙ্গল অভিযানে পুরুষের পাশাপাশি থাকবেন নারীও। নাসায় কর্মরত কয়েকজন বিশেষজ্ঞ নারী চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছেন।১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ১১ জন পুরুষ অভিযাত্রী পা রেখেছেন চাঁদের বুকে। তবে অন্য বেশ কিছু ক্ষেত্রের মতো মহাকাশ অভিযানেও নারীদের অংশগ্রহণ একেবারেই কম।এক্সপ্লোর মার্স নামের এক সংগঠনের প্রেসিডেন্ট আর্টেমিস ওয়েস্টেনবার্গ বলেন, ‘পৃথিবীটা কেবল পুরুষদের জন্য নয়। কথাটা আরও অধিকসংখ্যক মেয়েকে আমাদের বলা উচিত।’মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উপদেষ্টা ও উইমেন ইন প্ল্যানেটারি সায়েন্স সংগঠনের প্রতিষ্ঠাতা সুসান নিয়েবার বলেন, মহাকাশ বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী নারীর সংখ্যা ৩৫০। কিন্তু তাঁদের মাত্র ৩৯ জন নাসায় কর্মরত আছেন। এভাবেই প্রচুর নারী মেধা হারিয়ে যাচ্ছে।উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ: পৃথিবীর কক্ষপথে স্থাপন করা একটি রুশ মহাকাশযান গতিপথ থেকে বিচ্যুত হওয়ার পর এটি উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। রুশ মহাকাশ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল শুক্রবার এ কথা জানায়। খবরে বলা হয়, বেতার বার্তার মাধ্যমে ওই মহাকাশযানের সঙ্গে সংযোগ স্থাপনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এএফপি।