বিশাল এক জলাধার। এতে একমুঠো আলো হয়ে আবিষ্কৃত হয়েছে এক ধরনের জীবাণু (ব্যাকটেরিয়া)। এ আলো বিজ্ঞানীদের পথ দেখাবে—ভিনগ্রহে কীভাবে টিকে থাকতে পারে প্রাণ। এর মাধ্যমে পাওয়া যেতে পারে মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্বের ব্যাপারে কোনো সূত্র।সাধারণ কোনো জলাধার নয় এটি। সাগরপৃষ্ঠ থেকে চার হাজার ৭০০ মিটার (১৫ হাজার ৪০০ ফুট) ওপরে এর অবস্থান। আর্জেন্টিনার উত্তর-পশ্চিমে রয়েছে এই হ্রদ, যার নাম ‘লেক ডায়মানট’। হ্রদটির কাছেই রয়েছে মাইপো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির প্রতিবিম্ব লেকের স্বচ্ছ পানিতে হিরার আদলে তৈরি করে বলে লেকটির নামও সেভাবে হয়েছে। ইংরেজিতে ডায়মন্ড মানে হিরা। এই ডায়মন্ড থেকে নাম হয়েছে ডায়মানট।এ বছরের শুরুতে বিজ্ঞানীদের একটি আবিষ্কার হ্রদটিকে বিস্ময়ের এক আধারে পরিণত করেছে। হ্রদের পানিতে গবেষকেরা কোটি কোটি ‘সুপার ব্যাকটেরিয়ার’ সন্ধান পেয়েছেন, যেসব জীবাণু অক্সিজেনের প্রকট অভাবের মধ্যেও দিব্যি টিকে আছে। গবেষকেরা আশা করছেন, ভিনগ্রহে কীভাবে প্রাণ টিকে থাকতে পারে, এ বিষয়ে জানার ব্যাপারে সূত্র জোগাবে এসব ব্যাকটেরিয়া।গবেষকদের মতে, এসব ব্যাকটেরিয়া পরিবেশে টিকে আছে, তা ঠিক আদিম পৃথিবীর মতো। ওই সময় এই গ্রহে অক্সিজেনের সংরক্ষণমূলক পরিবেশ ছিল না। ছিল না শ্বাস-প্রশ্বাস ব্যবস্থার উপযোগী পরিবেশ। হ্রদের পানিতে অতিমাত্রায় আর্সেনিক ও ক্ষার থাকায় এটিও পৃথিবীর বাইরে প্রাণ রক্ষার ব্যাপারে ধারণা জোগাতে বিজ্ঞানীদের সহায়তা করবে।যে গবেষক দলটি লেক ডায়মান্টের পানিতে প্রাণের অস্তিত্ব আবিষ্কার করে, এর একজন হলেন অণুজীববিজ্ঞানী মারিয়া ইউজেনিয়া ফারিয়াস। তিনি বলেন, এই আবিষ্কার বিজ্ঞানের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে। এটি এমন এক জানালা, যার ভেতর দিয়ে অতীত দেখা যাবে। এটি ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণার বেলায়ও খুব কাজে লাগবে। এই ব্যাকটেরিয়া যে বিরূপ পরিবেশে রয়েছে, এগুলো মঙ্গলগ্রহের মতো প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারবে। ফারিয়াস জানান, এর আগে বিরূপ পরিবেশে টিকে থাকা ‘এক্সট্রিমোফিলস’ নামে এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়। এসব ব্যাকটেরিয়ার বাণিজ্যিক মূল্য রয়েছে। তেলচর্বি দূর করার ডিটারজেন্টের উপাদান হিসেবে ব্যবহূত হচ্ছে এসব।কিন্তু ‘পলিএক্সট্রিমোফিলস’ নামে নতুন ব্যাকটেরিয়া চরম বৈরী পরিবেশে টিকে থাকতে সক্ষম।ওই হ্রদের বৈরী পরিবেশ বর্ণনা করতে গিয়ে ফারিয়াস বলেন, যে পরিমাণ আর্সেনিক থাকলে পানি পান করা নিরাপদ, ওই লেকে এর চেয়ে ২০ হাজার গুণ বেশি আর্সেনিক রয়েছে। হ্রদের পানির তাপমাত্রা প্রায়ই শূন্যের নিচে নামে। কিন্তু সাগরের পানির চেয়ে পাঁচ গুণ বেশি লবণ থাকায় তাপমাত্রা শূন্যের নিচে নামলেও লেকের পানি জমে বরফ হয় না। রয়টার্স।